পিপিপি নয়, রাষ্ট্রায়ত্ত রেখে পাটকল লাভজনক করার সুপারিশ
দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে লোকসানে পড়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে বন্ধ করে সরকারি-বেসরকারি অংশীকারিত্বে (পিপিপি) পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে এসে মালিকানা রাষ্ট্রের হাতে রেখে ব্যবস্থাপনায় পরিবর্তনের সুপারিশ করেছেন এক আলোচনা সভার বক্তারা।
শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজনে ‘রাষ্ট্রায়ত্ত পাটকলের আধুনিকায়ন, না ধ্বংস সাধন? পাটখাত সুরক্ষায় ভাবনা ও করণীয়’ ভার্চুয়াল সেমিনারে এই মত আসে।
এতে প্রতিটি রাষ্ট্রের মালিকানায় রেখে বিজেএমসির নিয়ন্ত্রণের মতো কেন্দ্রীভূত কোনো ব্যবস্থার বদলে প্রতিটি পাটকলকে আলাদা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার সুপারিশ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
তিনি বলেন, সারা বিশ্বে যখন পাটজাত পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে, পাটের বহুমুখীকরণের সুযোগ রয়েছে, তখন পাটকল বন্ধ করার সিদ্ধান্ত আত্মঘাতী।
পাটকলগুলোর লোকসানের পেছনে বিজেএমসির কেন্দ্রীভূত ব্যবস্থাপনায় ত্রুটি ও দুর্নীতিকে দায়ী করে তিনি বলেন, “গোল্ডেন হ্যান্ডশেকের নামে যে টাকা দিয়ে আমরা শ্রমিকদের বিদায় করছি, তার ধারে কাছে টাকা বরাদ্দ করলেই আমরা আধুনিক যন্ত্রপাতি আনতে পারব।
“আমি বলব, পিপিপির পরীক্ষা স্থগিত করেন, বাদ দেন। কেন্দ্রীভূত বিজেএমসি পদ্ধতির অবসান ঘটান। প্রত্যেকটা পাটকলকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেন। প্রত্যেকটা পাটকল পরিচালনার একটা আধুনিক পদ্ধতি চালু করে দেন। তাহলে পাটকলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে, লাভজনক হবে।”
তার সুপারিশ সমর্থন করে অর্থনীতির অধ্যাপক এস এম আকাশ বলেন, প্রত্যেক পাটকলের সঙ্গে সরকার আলাদা চুক্তি করতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের শর্তে সরকার তাদের পুঁজির যোগান দিতে পারে।
তিনি বলেন, ‘পারফরম্যান্স কন্ট্রাক্টের’ ভিত্তিতে পরীক্ষামূলকভাবে পাঁচ বা ১০টা কারখানা চালু করে যদি লাভজনক করা যায়। তাহলে লাভের টাকা দিয়ে পুরনো পাটকল পাল্টে পণ্যের বহুমুখীকরণের উপযোগী নতুন পাটকল করা যাবে।
বাংলাদেশে উৎপাদিত পাট পণ্যের ৬০ শতাংশ নিজেদের বাজারে বিক্রি করাসহ চীনের পক্ষ থেকে পাটকলগুলোকে নবায়নের প্রস্তাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এমন জি-টু-জির ভিত্তিতেও পাটকল পরিচালনা করা যেতে যারে।
পিপিপির মাধ্যমে সরকারি পাটকলগুলো পরিচালনা করলে দেশের টাকা বিদেশে পাচার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এমএম আকাশ।
“পাটকলগুলো বন্ধ হয়ে গেলে শ্রমিকরা বাজারে আসবে। তখন ওয়েজবোর্ডের ২৫ হাজার টাকার শ্রমিকরা প্রাইভেট পাটকলগুলোতে ৫-৬ হাজার টাকায় কাজ করত আসবে। পিপিবি বা গোল্ডেন হ্যান্ডশেকের টাকা তখন মালিকরা অকুপাই করবে। মিল বন্ধক রেখে টাকাগুলো বিদেশে পাচার করে দেবে।”
সরকারি পাটকলের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানি বাজারে ধস নামবে বলে মনে মন্তব্য করেন পাটকল কমিশনের সাবেক সদস্য খালেদ রব।
তিনি বলেন, বিজেএমসি ২০১৭-১৮ অর্থকবছরে ৮৬-৮৭ হাজার টন পাট পণ্য রপ্তানি হয়েছে। তার আগের বছর করেছে ৮৮ হাজার টন।
“এখন সরকারি পাটকলগুলো উৎপাদন বন্ধ করে দিলে এই পরিমাণ রপ্তানি কোথা থেকে হবে? আমাদের প্রাইভেট সেক্টরও তো খুব ভাইব্র্যান্ট না। রপ্তানির বাজার একবার হারালে তখন বিএমআরই (আধুনিকায়ন) করেও কোনো লাভ হবে না।”
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঞ্চালনায় ওয়েবনিয়ারে যোগ দেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফাসহ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতারা।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা তার মূল প্রবন্ধ উপস্থাপনায় পাট শিল্প রক্ষায় বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন।
সেই সুপারিশগুলোর মধ্যে রয়েছে-
>> পাটশিল্প রক্ষার বিকল্প প্রস্তাব গ্রহণ করে সরকারি খাতের পাটকলগুলোর খোলনলচে পালটে ফেলতে হবে। দ্রুত অর্ধ শতবর্ষ পুরনো যন্ত্রপাতি সরিয়ে আধুনিক ও সর্বশেষ প্রযুক্তি সম্বলিত মেশিন প্রতিস্থাপন করতে হবে। এতে উৎপাদনশীলতা বাড়বে, পাট শিল্প লাভজনক হবে।
>> সরকারকে পাটখাতে বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ দ্বারা পাটকলগুলোয় সর্বশেষ আধুনিক প্রযুক্তি সংযোজন হলে উন্নত কারখানায় পরিণত ও সচল হবে। পাট চাষিরা ন্যায্য মূল্য পাব, ব্যাকোয়ার্ড লিংকেজ শিল্পও রক্ষা পাবে।
>> পাটকলগুলোর জন্য পাট ক্রয়ে অর্থসংস্থান গুরুত্বপূর্ণ। পাট মৌসুম শুরুর পূবেই প্রয়োজনীয় অর্থ যোগান পাটকলগুলোকে দিতে হবে। এ জন্য বাজেটে থোক বরাদ্দ রাখতে হবে।
>> পাট পণ্যকে কৃষি পণ্য হিসেবে ঘোষণানুযায়ী পাটশিল্পকে কৃষি শিল্পের ন্যায় সকল সুযোগ সুবিধা দিতে হবে।
>> উৎপাদিত পাটপণ্য বাজারজাত করার লক্ষ্যে এক দল দক্ষ ব্যবস্থাপকের সমন্বয়ে আলাদা পাট পণ্য বিপণন দপ্তর প্রতিষ্ঠা করতে হবে। বহির্বিশ্বে পাটের বাজার সম্প্রসারণে দূতাবাসগুলোতে একটি বিশেষ পাট বিষয়ক ডেক্স স্থাপন করতে হবে।
>> সরকারের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সকল সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
>> সরকারের ‘দক্ষতা উন্নয়ন কর্মসূচি’র আওতায় পাটকলের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য ব্যাপকভাবে ‘আধুনিক মেশিন’পরিচালনার দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মসূচি নিতে হবে।
>> পাট পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রণোদনা দিতে হবে। একক যৌথ উদ্যোগে মিলগুলো বহিঃর্বিশ্বে বাজার অন্বেষণ (সৃষ্টি) করতে পারে।
