২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউন বাস্তবায়নে আরও ৪-৫ দিন: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ‘রেড জোন’ হিসিবে চিহ্নিত এলাকাগুলোতে লকডাউন বাস্তবায়ন করতে আরও চার-পাঁচ দিন লাগবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2020, 07:17 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

তিনি বলেছেন, অতি সংক্রমণের পাড়া-মহল্লা সুনির্দিষ্ট করতেই দুই থেকে তিন দিন লেগে যাবে। তারপরে লকডাউন বাস্তবায়ন করতে আরও ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগবে।

মঙ্গলবার দুপুরে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মেয়র একথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, “গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন এসেছে। এ নিয়ে কিছু কনফিউশনও সৃষ্টি হয়েছে, কিন্তু আমি মনে করি এখানে কনফিউশনের কোনো অবকাশ নেই। এখানে আমাদের যে লাল জোন চিহ্নিত করে দেওয়া হবে আমরা সেই লাল জোন এলাকায় লকডাউন বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করব। এই প্রজ্ঞাপন পাওয়ার প্রেক্ষিতেই আমরা আজকের এই সভা ডেকেছি।

“একটি ব্যবস্থাপনা কমিটিও করে দেওয়া হয়েছে। এই কমিটির আওতায়  সকলকে নিয়ে আমরা আলোচনা করেছি কীভাবে বাস্তবায়ন করব।”

নির্ধারিত ওয়ার্ড বা পুরো এলাকা অবরুদ্ধ না করে শুধু ‘বেশি আক্রান্ত এলাকায়’ লকডাউন বাস্তবায়ন করা হবে বলে জানান মেয়র।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে গাইডলাইন তৈরি করা হয়েছে সে অনুযায়ী কাজ করবেন তারা।

“বিশেষ করে জোনিংয়ের মধ্যে লাল জোন নিয়েই আমরা উদ্বিগ্ন, সেটা বাস্তবায়ন করাই আমাদের প্রথম দায়িত্ব। যেই এলাকায় সংক্রমণ বেড়ে যেতে পারে, নির্ধারিত কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে জানাবে যে, এই এলাকাটা এই মহল্লাটা বা রাস্তাটা লাল জোন হিসেবে চিহ্নিত হয়েছে। সেটাকে লাল জোনের আওতায় এনে লকডাউন বাস্তবায়ন করব।”

ফজলে নূর তাপস বলেন, “আশা করছি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যে সুনির্দিষ্ট এলাকা সেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় কাউন্সিলর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিয়ে সামাজিক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা সেটা বাস্তবায়ন করব।

“গাইডলাইনে আমরা পেয়েছি সেখানে যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে তাদের স্বাস্থ্য সেবা দিতে হবে, যারা আক্রান্ত না তাদেরও কোনো স্বাস্থ্য সেবা প্রয়োজন হলে সেটাও নিশ্চিত করতে হবে। এবং সেখানে অফিস-আদালতসহ অন্যান্য কর্মকাণ্ড বন্ধ থাকবে। এই এলাকায় যারা আছেন তাদের জন্য খাদ্য সেবা এবং যারা দারিদ্র্য সীমার নিচে আছেন তাদের বিনামূল্যে খাদ্য সেবা দিতে আমাদের গাইডলাইন দেওয়া হয়েছে। এটা একটা ব্যাপক কার্যক্রম। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

“২৮টি এলাকার কথা আমাদের মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সেই ২৮টি এলাকা বড়, এই বিষয়টা আমরা জানিয়েছি, তারাও অনুধাবন করেছে, তারাও সুনির্দিষ্ট একটি ওয়ার্ড ও অনেক ক্ষেত্রে বড় ওয়ার্ড সেই ওয়ার্ডের সব জায়গায় লকডাউন হোক চায় না। আমরা চাই সাধারণ মানুষের সবচেয়ে কম কষ্ট হয় এমনভাবে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। যারা শুধু সংক্রমিত তাদেরকে লকডাউনের আওতায় আনতে চাই। বাকি জীবন-জীবিকা স্বাভাবিকভাবে যেন চলতে পারে সেই বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি।”

লকডাউন বাস্তবায়নে কত সময় লাগতে পারে জানতে চাইলে মেয়র বলেন, “আগামী দুই-তিন দিন তাদের লাগবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এলাকা নিশ্চিত করতে। তারপর আমাদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা লাগবে বাস্তবায়ন নিশ্চিতে।”

যে সব এলাকা লকডাউনের আওতায় আনা হতে তাদের সাময়িক কষ্ট মেনে নেওয়ার আহ্বান জানান ঢাকা দক্ষিণের মেয়র তাপস।

তিনি বলেন, “আমরা ঢাকাবাসী সবাই এটা উপলব্ধি করতে পেরেছি যে, এটা একটা সংক্রামক ব্যাধি। আমি অনুরোধ করব, নিজের কষ্ট সাধন হলেও নিজে নিরাপদ থাকতে অন্যকে নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই লকডাউনের সময় সাময়িক কষ্ট ছাড়া এই মহামারী থেকে পরিত্রাণের উপায় নেই।

“আমি জানি লকডাউনে অনেকেরই কষ্ট হবে, বিপদ হবে, ভবিষ্যতের চিন্তা করে সুন্দর ভবিষ্যতের কথা ভেবে এই ব্যাধি থেকে মুক্ত হতে সবাইকে কষ্ট করতে হবে। কষ্ট সহ্য করার মানসিক প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”