২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যের রোগ খুঁজতে উচ্চ ক্ষমতার কমিটি চান জিএম কাদের

দেশের হাসপাতালগুলোর অব্যবস্থাপনা ও অনিয়ম খুঁজতে `উচ্চ ক্ষমতা সম্পন্ন’ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 07:19 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

সেই সঙ্গে হাসপাতালগুলোর কী প্রয়োজন, সে বিষয়ে ওই কমিটির সুপারিশ নিয়ে তা বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময় বিভিন্ন হাসপাতালে দুর্নীতির অনিয়মের অভিযোগ আসার প্রেক্ষিতে সোমবার জাতীয় সংসদে চলতি ২০১৯-২০ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি তুলে ধরেন জিএম কাদের।

চলতি অর্থ বছরের বাজেটে বরাদ্দের পুরোটা খরচ করতে না পারায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমালোচনা করে তিনি বলেন, এ কারণে নতুন অর্থ বছরে তাদের বরাদ্দ ‘তুলনামূলকভাবে কম’ হয়েছে।

“এজন্য কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্যখাতের অধীনে সুনির্দিষ্ট বরাদ্দ না দিয়ে নির্দেশনাহীন থোক বরাদ্দ দেওয়া হয়েছে।“

করোনাভাইরাস মহামারীর মধ্যে ২০২০-২১ অর্থবছরের জন্য যে বাজেট অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঘোষণা করেছেন, তাতে কোভিড-১৯ মোকাবেলায় যে কোনো জরুরি চাহিদা মেটানোর জন্য ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে স্বাস্থ্যখাতে মোট ৪১ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বরাদ্দের এই অংক জিডিপির ১ দশমিক ৩ শতাংশ এবং মোট বাজেট বরাদ্দের ৭ দশমিক ২ শতাংশ।

জিএম কাদের দেশের হাসপাতালগুলির চিত্র তুলে ধরতে গিয়ে নিজের নির্বাচনী এলাকা লালমনিরহাটের হাসপাতালের কথা বলেন।

“সেখানে হাসপাতালে ৩৯টি চিকিৎসক পদের মধ্যে ১১ জন কর্মরত, ৫৪ জন কর্মচারীর মধ্যে কর্মরত ৩৭ জন। এখানে প্রয়োজনীয় ২২ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে ৪টি পদ আছে। হাসপাতালে ২২ জন ওয়ার্ড বয় ও সমান সংখ্যক আয়ার দরকার হলেও কোনো পদ নেই। নিরাপত্তা প্রাহরীর পদ নেই। হাসপাতাল থেকে বিভিন্ন সময় মন্ত্রণালয়কে এটা জানালেও কোনো সুরাহা হয়নি।“

জিএম কাদের বলেন, “বাজেটে বরাদ্দ হ্রাস করাকে মিতব্যয়িতা বলার চেষ্টা হলেও প্রয়োজনীয় খরচ না করা হলে তা নেতিবাচক। আর এটা হয় সক্ষমতার অভাবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। কর্তব্য পালনে আন্তরিকতার অভাব, দুর্নীতি ও দলাদলিতে ব্যস্ত থাকার কারণে এটা হয়। আর খরচ কম হচ্ছে মানে দুর্নীতির মাধ্যমে অপচয় হচ্ছে না সেটা নয়। খরচ যেটা হচ্ছে তার মধ্যেও অপচয়ের খবর আমরা শুনতে পাই।“

তিনি বলেন, বাংলাদেশের যে কোনো মানুষকে এখন জিজ্ঞাসা করলে তারা এক কথায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দেওয়ার কথা বলবে।

“কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূরক বাজেটে তাদের কোনো সংশোধিত বাজেট নেই। তাদের সম্পূরক বাজেট দাবি করতে হয়নি। বাস্তবতা হলো তাদের বাজেট বরাদ্দের চেয়ে খরচ হয়েছে কম। চলতি ২০১৯-২০ অর্থ বছরে ২৫ হাজার ৭৫৩ কোটি টাকা তাদের বরাদ্দ দেয়া হয়েছে। তারা খরচ করতে পেয়েছে ২৩ হাজার ৬৯২ কোটি টাকা। দুই হাজার ৪১ কোটি টাকা তাদের খরচ কমানো হয়েছে।“

আসন্ন অর্থ বছরে স্বাস্থ্যখাতের বরাদ্দকে ‘অপ্রতুল’ হিসেবে বর্ণনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “মানুষ স্বাভাবিকভাবে ধারণা করেছিল এবার স্বাস্থ্যখাতে বিরাট বাজেট দেওয়া হবে। কিন্তু দেখা গেল সেখানে বরাদ্দ হয়েছে ২৯ হাজার ২৪৭ কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় তিন হাজার কোটি টাকার মত বেশি।

“আমরা এটা বুঝি, যারা বাজেট প্রণয়ন করেছেন তারা দেখেছেন যে খরচ করতে পারে না তাহলে বাজেট বাড়িয়ে লাভ কী? আমার মনে হয় অর্থমন্ত্রীও এটা মনে করছেন। যার কারণে থোক বরাদ্দ (১০ হাজার কোটি টাকা) দিয়ে এটা রেখে দেওয়ার চিন্তা করেছেন।“

তবে সুস্পষ্ট দিক নির্দেশনা যদি না থাকে, ওই অর্থ বরাদ্দ কতটা কার্যকর হবে তা নিয়ে ‘সন্দেহের অবকাশ আছে’ বলে মন্তব্য করেন জি এম কাদের।