২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটকে সংহত করতে মোহাম্মদ নাসিম ছিলেন অনন্য: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটকে সংহত করতে মোহাম্মদ নাসিমের অনন্য ভূমিকা ছিল বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 07:02 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

রোববার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া শেষে একথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, “আমাদের নেতা সবার শ্রদ্ধাভাজন জাতীয় চারনেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম যে শুধু আমাদের দলের নেতা বা সাবেক মন্ত্রী ছিলেন, তা নয়, তিনি দেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ ছিলেন এবং তার মৃত্যু দেশ, রাজনীতি ও একইসাথে আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে আমরা একজন একনিষ্ঠ কর্মী, নেতা ও আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনকে হারিয়েছি।

“আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলকে সংহত করতে মোহাম্মদ নাসিমের ভূমিকা ছিল অনন্য। তার মৃত্যু দেশ, রাজনীতি ও একইসাথে আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

তথ্যমন্ত্রী এসময় ধর্ম প্রতিমন্ত্রীর প্রতিও গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “আপনারা জানেন, গত রাতে হঠাৎ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ইন্তেকাল করেছেন। তিনি ছাত্রজীবন থেকে রাজনীতি করে এসেছেন ও দীর্ঘদিন গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুও আমাদের দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি।

“প্রকৃতপক্ষে একইদিনে আমরা আমাদের দু’জন নেতাকে হারালাম, যা অত্যন্ত বেদনাদায়ক এবং এ বেদনা ঢেকে রাখা সম্ভব নয়।”

তথ্যমন্ত্রী এসময় স্বাস্থ্য সচিবের সদ্যপ্রয়াত স্ত্রী এবং সম্প্রতি মৃত্যুবরণকারী সবার আত্মার শান্তি কামনা করেন।