২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিন: জনগণকে হানিফ

করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় তা আটকাতে ঠেকাতে মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলার উপর আরও গুরুত্ব দিতে জনগণকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 09:02 PM

Updated : 08 Apr 2022, 12:54 AM

সরকার ও চিকিৎসকদের নির্দেশ মেনে চললে পরিস্থিতি এত নাজুক হত না বলে মনে করেন তিনি।

মঙ্গলবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির আয়োজনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন হানিফ।

তিনি বলেন, “দিন দিন সংক্রমণ বাড়ছে, তবে সরকার ও চিকিৎসকদের নির্দেশ মেনে চললে এত সংক্রমণ হত না।

“আমরা যদি সেইফটিকে অগ্রাধিকার দিই, তাহলে সংক্রমণ হওয়ার সুযোগ নেই। এটি কঠিন কাজ নয়। মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করা এবং নাকে মুখে যতটা সম্ভব হাত না দেওয়া, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব রাখা।”

সঙ্কট মোকাবেলায় সরকারের পদক্ষেপের প্রশংসা করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মুহূর্ত মনিটরিং করেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন্ যাতে দুর্যোগকে মোকাবেলা করতে পারি। মানুষ যাতে খাদ্য, চিকিৎসায় কষ্ট না পায়, সেজন্য সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।”

পোশাক কারখানা খুলে দেওয়ার সমালোচনার জবাবে তিনি বলেন, “আমাদের দেশের অর্থনীতির একটি মুল স্তম্ভ হচ্ছে এই পোশাক শিল্প। এই শিল্পখাতটি বিশেষ করে আমাদের যারা প্রতিযোগী ভিয়েতনাম, মিয়ানমার, শ্রীলঙ্কা এসব দেশ যখন তাদের প্রতিষ্ঠান খুলে দিয়েছে, তখন আমরা যদি কারখানা বন্ধ রাখি, তাহলে আমাদের বাজারটা আস্তে আস্তে হারিয়ে ফেলব। এই কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী খোলার সিদ্ধান্ত নিয়েছেন।”

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুরে সভাপতিত্বে এই আলোচনা অনুষ্ঠানটি আওয়ামী লীগের ফেইসবুক পেইজে দেখানো হয়।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর বলেন, “অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালা দেশের প্রত্যেক জেলা উপজেলায়ও হবে। আমরা প্রথমে বিভাগ ভিত্তিক করব, এরপর জেলা-উপজেলায় করব।”