২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা মালিকদের প্রতি মানবিক বিবেচনার আহ্বান কাদেরের

করোনাভাইরাস সংকটের মধ্যে শ্রমিক ছাঁটাই হলে তা ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হবে মন্তব্য করে কারখানা মালিকদের মানবিক দিক বিবেচনা করে শ্রমিকদের প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 04:54 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

সোমবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “এই মানবিক সংকটে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে। এটি হবে এই সময়ে মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো’।

“আমি বিজিএমইএসহ সংশ্লিষ্টদের বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহ্বান জানাচ্ছি। অসহায় মানুষগুলোর প্রতি ভালোবাসা থেকে আপনারা সহমর্মী-সহব্যথী হয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা রাখছি।”

কারখানা মালিকদের উদ্দেশে কাদের বলেন, “এই শ্রমিকরা সুদিনে আপনাদের মুনাফা এনে দিয়েছে। আজ দুর্দিনে তাদের দূরে ঠেলে দেবেন, এটা হয় না। ছাঁটাইয়ে মতো অসন্তোষ উদ্রেকারী সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমি কারখানা মালিকদের প্রতি নিজিদের মধ্যে আলাপ-আলোচনা করে শ্রমিক-মালিক প্রতিনিধিরা ও মন্ত্রণালয় এই ব্যাপারে বাস্তবসম্মত মানবিক সিদ্ধান্ত নেবেন এটাই আশা করি।”

গণপরিবহনে ভাড়ার বিষয়ে দূরপাল্লার বাসে অভিযোগ না থাকলেও শহর এলাকায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আসছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “আমি মালিক-শ্রমিকদের পাশাপাশি যাত্রীদের সচেতন হবার আহ্বান জানাচ্ছি। আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন, বাড়তি ভাড়া দেবেন না। পাশাপাশি মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা বাড়তি ভাড়া নেবেন না। আপনাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন এটাই আশা করি।”

খাদ্য নিরাপত্তা নিয়ে ‘উদ্বেগ নেই’

দেশের চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে জানিয়ে ভবিষ্যতের জন্য দেশের প্রতি ইঞ্চি জমি ফেলে না রেখে সেখানে খাদ্যশস্য চাষের আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, “প্রতি ইঞ্চি ভূমিকে চাষাবাদের আওতায় আনুন। বাড়িঘরের পাশের জায়গায় সবজি চাষ করুন। ঘরের ফসল বিপদে মনোবল বাড়াবে। শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে সুরক্ষা ও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।”

সংক্রমিত প্রবণ এলাকা চিহ্নিত করে সরকার ‘শিগগিরই’ কিছু পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে বলে জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের।

তিনি বলেন, “আপনারা জানেন দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি অস্থিতিশীল। এই অবস্থায় শেখ হাসিনর সরকার জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষায় কিছু পদক্ষেপ নিয়েছে এবং নিতে যাচ্ছে। সংক্রমিত প্রবণ এলাকা চিহ্নিত করে শীঘ্রই কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে।

“আমি জনগণকে ধৈর্য্যের সঙ্গে সরকারের সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানাচ্ছি। আর উদাসীনতা নয়, ক্ষণিকের অবহেলা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলছে। এখন থেকে সাবধান না হলে আগামী দিনগুলো আরো ভয়ঙ্কর হতে পারে।”

করোনাভাইরাস আক্রান্তসহ অন্যান্য রোগীদের প্রতি সহানুভূতিশীল হতে হাসপাতালে কর্মরতদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের।

তিনি বলেন, “সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরতদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারা করোনা যোদ্ধা, আপনারা করোনা ও অন্যান্য রোগীদের প্রতি মানবিক হবেন। ইতোমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে মৃত্যুবরণের মতো ঘটনা ঘটেছে। তাই আপনারা মানবিক আচরণ করবেন, সহানুভূতিশীল হবেন- এটাই আশা করি।”

আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের স্বাস্থ্য বিধি মেনে মানুষের পাশে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।