সারা দেশের করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির কমিটি
সারা দেশের করোনাভাইরাস পরিস্থিতি জানতে বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করেছে বিএনপির ‘জাতীয় করোনা পর্যবেক্ষণ সেল’।
বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘জাতীয় করোনা পর্যবেক্ষণ সেল’-এর প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকে দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল গঠন করা হয়। এই সেল জেলা ও উপজেলা পর্যায় থেকে পরিস্থিতি প্রতিবেদন সংগ্রহ করে জাতীয় কমিটিকে জানাবে।
স্থায়ী কমিটির সদস্য ও সেলের উপদেষ্টা খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে সেলের আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য এ জেড এম জাহিদ হোসেন, ফরহাদ হালিম ডোনার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন আল রশিদ, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল উপস্থিত ছিলেন।
গত ৪ মে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খন্দকার মোশাররফের নেতৃত্বে ১৩ সদস্যের ‘জাতীয় করোনা পর্যবেক্ষণ সেল’ গঠন করা হয়।
