২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নেতাদের ত্রাণ বিতরণের হিসাব চেয়েছে বিএনপি

করোনাভাইরাসের মহামারীর মধ্যে দলীয় ত্রাণ বিতরণের হিসাব জানতে চেয়ে স্থানীয় নেতাদের চিঠি দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 02:03 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে দেশের বিভিন্ন আসনে বিএনপির সংসদ সদস্য, গত নির্বাচনের প্রার্থী, জেলা কমিটির সভাপতি বা আহ্বায়কদের এই চিঠি পাঠানো হয়েছে।

‘করোনা মহামারীর বর্তমান সঙ্কটকালে ত্রাণ তৎপরতার বিবরণ প্রসঙ্গে’ শিরোনামে ওই চিঠিতে বলা হয়, “আপনি আপনার এলাকার দায়িত্বশীল নেতা হিসেবে চলমান সঙ্কট মোকাবিলায় কী কী উদ্যোগ গ্রহণ করেছেন, অনুগ্রহ করে সেই বিষয়ে একটি প্রতিবেদন এই চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।”

বিএনপি নেতারা জানান, গত সপ্তাহে লন্ডনে অবস্থানরত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়।

ওই বৈঠকেই আসন ও জেলাভিত্তিক নেতাদের কাছে ত্রাণ বিতরণের বিবরণী চাওয়ার সিদ্ধান্ত হয়।

সোমবার পর্যন্ত সাত শতাধিক নেতার কাছে ওই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে বলে বিএনপির দপ্তরের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গত ২৫ এপ্রিল গুলশানে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “১২/১৩ বছর সরকারের শত নির্যাতনের পরেও আমরা যে কাজটুকু করেছি, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা তাদের দল (আওয়ামী লীগ) থেকে অনেক বেশি কাজ করেছি।”

বিএনপি নেতাকর্মীরা ইতোমধ্যে সাত লাখ পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে দাবি করে তিনি সেদিন বলেন, “প্রতিদিনই আমাদের এই সংখ্যা বাড়ছে এবং এটা আরো বাড়বে বলে আমরা বিশ্বাস করি।”