‘জাতীয় দুর্যোগ’ ঘোষণার দাবি বাম গণতান্ত্রিক জোটের পরামর্শ সভায়
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করে এর সংক্রমণ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ারি দাবি জানানো হয়েছে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত এক সর্বদলীয় পরামর্শ সভায়।
রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সোমবার সকালে সভায় বিএনপি, সিপিবি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কল্যাণ পার্টিসহ বিভিন্ন বাম সংগঠনের শীর্ষ নেতারা স্কাইপের মাধ্যমে অংশ নেন।
এদের মধ্যে অন্যতম ছিলেন গণফোরামের সভাপতি কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেএসডির সভাপতি আসম আবদুর রব, বাসদের খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণফ্রন্টের প্রধান টিপু বিশ্বাস, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
স্কাইপে আরও যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণফোরামের সুব্রত চৌধুরী, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, বাম ঐক্যজোটের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক, ওয়ার্কার্স পার্টির (মাকর্সবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি এম এ সবুর।
সভার সূচনা বক্তব্যে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ করোনাভাইরাস সংক্রমণকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে তা মোকাবেলায় সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণের কথা বলেন।
“আমরা শুরু থেকেই বলে আসছি সকল রাজনৈতিক দল, ছাত্র-যুবকসহ সামাজিক শক্তি, সাংস্কৃতিক সংগঠন, চিকিৎসক, বিজ্ঞানী, বিশেষজ্ঞদের ঐক্যবদ্ধ করে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য। সকলের আকাঙ্ক্ষার অংশ হিসেবেই সমন্বিত উদ্যোগের লক্ষ্যে আজকের এই সভা।”
“এখানে কোনো সংকীর্ণ চিন্তা না করে জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে হবে। যারা ঝুঁকির মধ্যে আছেন তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দিতে হবে। সকলকে নিয়ে এটা করা সম্ভব। এককভাবে কোনো দল বা কোনো সংগঠন পারবে না। আমাদের সকলকে সম্মিলিতভাবে সকল শক্তি নিয়ে কাজ করতে হবে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ব্যাপারে অত্যন্ত সজাগ থেকে সচেতনভাবে কাজ করছি, ভেতরের সমস্যাগুলো তুলে ধরেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার সেগুলোকে কখনই গুরুত্ব দেয়নি। আজকে যে ত্রাণ দেয়া হচ্ছে, এটা একেবারেই খুবই অপ্রতুল। একটা জেনেছি যে, ৪০ হাজার লোকের মধ্যে মাত্র ৩০০ লোকের মধ্যে দেন এবং সেটাও দলীয়করণ করা হয়েছে পুরোপুরিভাবে।
“এগুলো থেকে উর্ধেব উঠতে না পারলে এই করোনাভাইরাস মোকাবিলা কোনোভাবে সম্ভব না। সবচেয়ে ভয়াবহ দিন আসছে সামনের দিনগুলোতে। আপনারা সবাই একমত হবেন আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমকে সামনে রেখে, সততাকে সামনে রেখে যদি হ্যান্ডেল করা না যায় তাহলে আরো বড় বিপর্যয়ের মুখে পড়বো, অনেকে দুর্ভিক্ষের আশঙ্কাও করছেন।”
তিনি বলেন, “জাতীয় ও বৈশ্বিক মহাদুর্যোগ মোকাবেলায় যেকোনো উদ্যোগে সামিল হতে আমরা প্রস্তুত আছি। এই দুর্যোগ পরিস্থিতিতে দম্ভ, অহংকার ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐক্যমত প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে অবশ্যই সরকারকেই। কারণ পুরো দায়িত্বটার সরকারের। দুর্ভাগ্যজনকভাবে তাদের অবহেলা এবং আমি জানি না, তারা এটাকে নেগলেক্ট করেছেন কী কারণে, যার ফলে অনেক বড় সমস্যায় পড়েছি।
“আমরা বিশ্বাস করি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা করে বাস্তবায়নের মাধ্যমে আমরা মহান আল্লাহর রহমতে এই মহাদুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব।”
করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী দলীয় পরিকল্পনা তুলে ধরে ৮৭ হাজার কোটি টাকার প্রণোদনা প্রস্তাব তুলে ধরেন বিএনপি মহাসচিব।
দলের প্রস্তাবনার একটি কপিও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানের মাধ্যমে হস্তান্তর করেন তিনি।
সভায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, “করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় দুর্যোগ কমিটি গঠন করতে হবে। সবাইকে নিয়ে, সকল শ্রেণির মানুষকে নিয়ে, ১৬ কোটি মানুষকে নিয়ে, সকল সামাজিক শক্তিসহ সব পেশার মানুষকে নিয়ে এই কমিটি করতে হবে। সরকারের একার পক্ষে এই সংকট মোকাবেলা করা সম্ভব হবে বলে আমি মনে করি না। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে।”
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “একাত্তরে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, করোনাভাইরাসের এই ক্রান্তিকাল মোকাবেলাও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সঞ্চালনায় পরামর্শ সভায় সিপিবির আবদুল্লাহ কাফী রতন, রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী ওয়াকার্স পার্টির আকবর খান, বাসদের রাজেকুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
