২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বামপন্থিদের বিক্ষোভ

লুটেরাদের স্বার্থে গত ১১ বছরে আটবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে অভিযোগ করে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2020, 01:52 AM

Updated : 10 Oct 2022, 07:01 PM

পুরনো খবর:

বিদ্যুতের দাম সব পর্যায়েই বাড়ল

রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক সমাবেশে বাম জোটের নেতারা এ দাবি জানান।

বৃহস্পতিবার পাইকারি, খুচরা ও সঞ্চালন-তিন ক্ষেত্রেই বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানো হয়েছে।

এতে সাধারণ গ্রাহক পর্যায়ে (খুচরা) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৬ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ইউনিটের দাম ৬ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ৭ টাকা ১৩ পয়সা।

পাইকারিতে বিদ্যুতের দাম প্রতি ইউনিট গড়ে ৪০ পয়সা বা ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ৪ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে প্রতি ইউনিটের দাম হয়েছে ৫ টাকা ১৭ পয়সা।

এছাড়া বিদ্যুৎ সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ প্রতি ইউনিটে শূন্য দশমিক ২৭৮৭ টাকা থেকে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে করা হয়েছে শূন্য দশমিক ২৯৩৪ টাকা।

খুচরা পর্যায়ে ডিমান্ড চার্জও বিভিন্ন পর্যায়ে ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

সমাবেশে বামজোটের শরিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, “এই নির্লজ্জ সরকার ভোট ডাকাতির সরকার। তারা আবার বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।

“দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হচ্ছে। এসব টাকা যদি উদ্ধার করা হত তাহলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হত না।”

বাম গণতান্ত্রিক জোট কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের উন্নয়ন চায় উল্লেখ করে তিনি বলেন, “জনগণ ঘরে বসে থাকলে হবে না, তাদেরকে রাস্তায় নামতে হবে। এই অন্যায় মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে হবে। শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের রাষ্ট্র কায়েম করতে হবে।”

বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বাম জোটের নেতৃত্বে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন এই বামপন্থি নেতা।

‘লুটপাটের অংশ হিসেবে’ বিদ্যুতের দাম আবারও বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা রাজেকুজ্জামান রতন।

তিনি বলেন, “বিদ্যুতের এই মূল্য বৃদ্ধির ফলে প্রতিটি পরিবারকে এখন বিদ্যুৎ বিল অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে। পানির জন্য আরও ১০০ টাকা। এছাড়া বিদ্যুতের দাম বাড়ার কারণে অন্যান্য নিত্য-পণ্যের দাম বাড়বে, যা হিসেবে প্রতিটি পরিবারে আরও এক হাজার টাকা ব্যয় বাড়বে।”

মূল্যবৃদ্ধির যেখানেই আঘাত আসবে সেখানে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “কুইক রেন্টাল, রেন্টাল বিদ্যুৎ খাত ২০১৩ সালেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সরকার তা করেনি। কারণ যারা অবৈধভাবে এই সরকারকে টিকিয়ে রেখেছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।”

এছাড়া ঢাকা ওয়াসার পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত অভিযোগ করে তিনি বলেন, “ঢাকা শহর থেকে পানি ও মল আলাদা করা কষ্টকর। তারপরও পানির দাম বাড়ানো হচ্ছে। এই দাম বাড়ানোর কারণে নিম্ন আয়ের মানুষসহ সব শ্রেণির মানুষের ওপর মূল্যবৃদ্ধির চাপ পড়বে। সকল পণ্যের দাম বাড়বে।”

এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান সাকি।

সমাবেশে অন্যদের মধ্যে ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা আব্দুস সাত্তার, বাসদের (মার্কসবাদী) নেতা মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হকসহ আরও অনেকে বক্তব্য দেন।

সমাবেশ শেষে বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাই কোর্টের কদম ফোয়ারা ঘুরে পুরানা পল্টন মোড় হয়ে সিপিবি কার্যালয় মুক্তিভবনের সামনে গিয়ে শেষ হয়।