স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচি করবে বিএনপি জোট
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার রাতে জোটের বৈঠকের পর সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, “আজকে সভায় সিদ্ধান্ত হয়েছে যে, ২০ দল আগামী বছর ২০২০ সালের ২৬ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। এজন্য একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রস্তাব করবে যে, জোট কী কী কর্মসূচি করবে।”
নজরুল ইসলাম খান জানান, বৈঠকে সম্প্রতি ডাকসুর ভিপি নুরুল হক নূরের ওপর হামলা, দৈনিক সংগ্রাম অফিসে হামলা এবং পত্রিকার সম্পাদক আবুল আসাদের ওপর ‘নির্যাতন’, ভারতের লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশ মন্ত্রণালয়ের মূখপাত্র রাবীশ কুমারের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং বিএনপি ও তার নেত্রী খালেদা জিয়াকে দোষারোপ করে বক্তব্য প্রদানের নিন্দা এবং ভারতের এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে সেখানকার সংখ্যালঘু মুসলিমদের ‘নাগরিকত্বহীন’ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
বৈঠকে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান নজরুল ইসলাম খান।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বৈঠকে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জমিয়তে উলামায়ে ইসলামের নূর হোসেইন কাশেমী, এলডিপির রেদোয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম, জাগপার খোন্দকার লুতফর রহমান, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, কল্যাণ পার্টির মাহমুদ খান, জাতীয় দলের এহসানুল হুদা উপস্থিত ছিলেন।
বৈঠকে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি ছিলেন না।
