২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সক্ষমতায় ‘ঘাটতি’ দেখছে বাংলাদেশ জাসদ

নানা ক্ষেত্রে সরকারের সক্ষমতার ‘ঘাটতি’ দেখে উদ্বেগ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটসঙ্গী দল বাংলাদেশ জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2019, 09:44 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে বাংলাদেশ জাসদের জাতীয় কমিটির সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে অব্যবস্থাপনা, অনাচার, অর্থপাচার, লুণ্ঠন প্রভৃতির বিরুদ্ধে আগামী বছর ২৫ জানুয়ারি বিক্ষোভ দিবস পালন করবে বাংলাদেশ জাসদ।

এছাড়া আগামী ২০-২১ মার্চ কেন্দ্রীয় সম্মেলন করার সিদ্ধান্তও হয় সভায়।  এ উপলক্ষে আগামী বছরের ১০ মার্চের মধ্যে জেলা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্তও হয়।

সভায় জাসদ নেতাদের উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিগত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দেশে বিচলিত হওয়ার মতো এক রাজনৈতিক শূন্যতা ও অচলাবস্থা দৃশ্যমান হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক পদ্ধতিতে হওয়ার প্রবণতা ক্রমহ্রাসমান হয়ে এখন তা প্রশাসনের একটি ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমিত হয়ে পড়েছে।

“প্রশাসনের বিশেষ ক্ষুদ্র গোষ্ঠীটি গণতন্ত্রকে বাক্সবন্দি করতে চাইছে, যা সাংবিধানিক ও সংসদীয় পদ্ধতিকে হুমকির মধ্যে ফেলেছে।”

গণতন্ত্র ও সাংবিধানিক ব্যবস্থার জন্য এ ধরনের রাজনৈতিক শূন্যতাকে ‘বিপদ সংকেত’ উল্লেখ করে সভায় বলা হয়, সমতা-গণতন্ত্র-ন্যায়বিচার নিশ্চিত করার লড়াইয়ে জয়ী হতে আশু কর্মসূচি প্রণয়ন করে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ জাসদ।

দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করার লক্ষ্যে কতিপয় রাজনৈতিক সংস্কার অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে বলে মনে করে বাংলাদেশ জাসদ।

“বাংলাদেশের জনসংখ্যা বিবেচনায় এখন আর এককেন্দ্রিক রাজনৈতিক কাঠামো দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সুচারূরূপে সম্পাদন সম্ভব নয়। তাই গোটা দেশকে কতিপয় প্রদেশে বিভক্ত করে ফেডারেল পদ্ধতির বিকেন্দ্রীকৃত রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে।

“কেন্দ্রে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। মোট ভোটের সংখ্যানুপাতে সংসদীয় আসন লাভের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা যেতে পারে।”

নির্বাচন কমিশনের সব সদস্যের পদত্যাগ, দলীয় ভিত্তিতে উপজেলা ও সকল স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিলের দাবিও করা হয় বাংলাদেশ জাসদের সভা থেকে।

রাজাকারের ত্রুটিযুক্ত তালিকা প্রণয়নের দায়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর পদত্যাগ ও এতে দায়ী স্বরাষ্ট্র ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

ডাকসু ভিপি নূরুল হক নূরুর উপর হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাসদের এই সভায় বলা হয়,  “মুক্তবুদ্ধির আদর্শ ও মূল্যবোধকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনীতিকে বিভ্রান্ত ও কলঙ্কিত করার জন্য একটি অদৃশ্য শক্তি চক্রান্ত করে চলেছে। এরা সরকার ও সরকারি সংগঠনের মধ্যেই ঘাপটি মেরে বসে আছে।”

সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ খালেদ, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, নাসিরুল হক নওয়াব, আনোয়ারুল ইসলাম বাবু।