খালেদা জিয়ার ওপর চলছে ‘চিকিৎসা সন্ত্রাস’: রিজভী
কারাবান্দি খালেদা জিয়াকে সুচিকিৎসা না দেওয়াকে নির্যাতনের সঙ্গে তুলনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি প্রধানের ওপর ‘চিকিৎসা সন্ত্রাস’ চালানো হচ্ছে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে আজ ৬৮৫ দিন যাবত বন্দি করে নির্যাতন করা হচ্ছে। তিনি গুরুতর অসুস্থ হলেও সুচিকিৎসা দেয়া হচ্ছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার সুচিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানালেও তাতে কর্ণপাত করছে না ক্রোধপরায়ণ ও কলহপ্রিয় প্রধানমন্ত্রী। বেগম জিয়ার ন্যায্য জামিনে বাধা দেয়া হচ্ছে। এখন তার ওপর চলছে রীতিমত চিকিৎসা সন্ত্রাস।
“তিনি কেমন আছেন, তাকে নিয়ে কী করা হচ্ছে কিছুই জানতে দেয়া হচ্ছে না। আমরা আশংকায় আছি দেশনেত্রীকে নিয়ে। আমরা চরম উদ্বেগ ও উতকণ্ঠায় আছি- আসলে তার স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত ওষুধ সেবনে কোনো কারসাজি করা হচ্ছে কিনা?”
কিভাবে চিকিৎসা সন্ত্রাস চলছে, তার ব্যাখ্যায় রিজভী বলেন, “উনার যে ব্যক্তিগত চিকিৎসক ডা. শামীম ও ডা. মামুনকে যেতে দেয়া হচ্ছে না, উনার যে কি চিকিৎসা হচ্ছে সেটা কোনোভাবে জানা যাচ্ছে না। তারপর নিয়মিত যে চিকিৎসকরা তার চিকিৎসা দেবেন, সেটা করা হচ্ছে না।
“উনার ফাস্টিং সুগার থাকছে ১২/১৩/১৪। এটা তো ভয়ংকর ব্যাপার। এর নিচে নামছেই না। এটার জন্য প্রপার চিকিৎসা করা হচ্ছে না, এটাই তো একধরনের চিকিৎসা সন্ত্রাস।”
দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন।
দেশে সংখ্যালঘু নির্যাতনে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করেন রিজভী।
তিনি বলেন, “ওবায়দুল কাদের সাহেব এমন এক সময় বলছেন যখন নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি নিয়ে তোলপাড় চলছে সারা ভারতে। সেখানে মুসলিমদেরকে রাষ্ট্রহীন করে বাংলাদেশে পুশইন করার একটা গভীর মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। সেই মুহূর্তে ওবায়দুল কাদেরের এই বক্তব্যও মাস্টারপ্ল্যানেরই একটা অংশ।
“বাস্তবতা হল- ভারতে নাগরিকত্ব আইন এবং নাগরিকপঞ্জি দ্বারা মুসলিম খেদাও অভিযানের বিরুদ্ধে স্বয়ং ভারতের জনগণসহ বিশ্ববাসী যখন সোচ্চার, তখন বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা করে আওয়ামী লীগ নেতারা দুটি গণবিরোধী আইনকেই বৈধতা দান করছে, ওই দুই আইনের পক্ষে দাঁড়িয়েছে।”
সংবাদ দলের বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
