২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহ আর শঙ্কা নিয়ে সিটি ভোটে বিএনপি

সন্দেহ আর শঙ্কা নিয়েই রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 08:22 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

নির্বাচন কমিশন এই দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “আমাদের আগেই সিদ্ধান্ত হয়েছিল, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে অংশ নেব এবং আমরা নিচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা এই নির্বাচনেও অংশ নেব।

“তবে সেটা সম্পূর্ণভাবে নির্বাচনের পরিবেশ-পরিস্থিতির উপর নির্ভর করবে, পরিবেশ-পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে।”

দশম সংসদ নির্বাচন বর্জন করলেও ২০১৫ সালে অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। তবে ভোট গ্রহণের মাঝপথে কারচুপির অভিযোগ তুলে তাদের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন।

সেবার ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস; উত্তরে মেয়র প্রার্থী ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

এরপর নাটকীয়ভাবে গত বছর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও তার দুই মাস পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে অংশ নেয়নি দলটি।

নির্বাচন কমিশনের উপর অনাস্থা জানিয়ে আসা বিএনপি এবারের নির্বাচনে নিয়ে তাদের তৎপরতাও সন্দেহের দৃষ্টিতে দেখছে।

ফখরুল বলেন, “নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির করপোরশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আমরা মনে করি, হঠাৎ করে, তড়িঘড়ি করে ঘোষণা করা হল।

“যেটার পেছনে নির্বাচন কমিশনের যে মূল উদ্দেশ্যটা থাকে সেই উদ্দেশ্যটাই আছে বলে আমরা আবার আশঙ্কা করছি। তারা সরকারি দলকে জেতানোর জন্যই এই ধরনের তাড়াহুড়া করে একটা তফসিল ঘোষণা করেছে।”

বিএনপি ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিরোধিতা করলেও ঢাকা দুই সিটি নির্বাচনের পুরো ভোটই গ্রহণ হবে যন্ত্রে।

এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ফখরুল বলেন, “নির্বাচন কমিশন বলেছেন যে, পুরো নির্বাচনটা ইভিএমে হবে। এটা অত্যন্ত আপত্তিজনক এবং আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি।

“আমরা বলতে চাই, ইভিএমে যথেষ্ট সুযোগ থাকবে ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করার, তাকে নিয়ন্ত্রণ করার। সেজন্য আমরা এই নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করছি।”

বিএনপির মনোয়ন ফরম বিক্রি ২৬ ডিসেম্বর

ঢাকার দুই সিটিতে মেয়র পদে এবার দলীয় প্রতীকে ভোট হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরুর পরদিন বিএনপি তাদের মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে।

ফখরুল বলেন, ধানের শীষ প্রতীকে লড়তে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হবে ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, তা জমা নেওয়া হবে ২৭ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত।

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে ২৮ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। এরপর মেয়র পদে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি।

ঘোষিত তফসিল অনুযায়ী এবারের সিটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা নেওয়া হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ৯ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। ৩০ জানুয়ারি হবে ভোটগ্রহণ।

খালেদা জিয়ার সুচিকিৎসা ও তার বিচার ও জামিনের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দেওয়ায় সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটি।

ফখরুল বলেন, “শুধু দেশে নয়, এখন আন্তর্জাতিক সংস্থাগুলোও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সরকার যে নাটক করছেন, তাকে প্রপার ট্রিটমেন্ট দিচ্ছে না, তা নিয়ে কনসারা্নড হয়ে উঠছে।”

স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে স্কাইপে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।