চট্টগ্রাম-৮ ছেড়েই দিল জাতীয় পার্টি
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে দলীয় প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে সরে আসতে বললো জাতীয় পার্টি।
দলের চেয়ারম্যানের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পার্টির নীতি নির্ধারকদের পরামর্শক্রমে পার্টি চেয়ারম্যান দলীয় মনোনিত প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থীতা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন।”
“সেই বিবেচনায় পার্টি এই মুহূর্তে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। "
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পার্টি নির্দেশ দিয়েছে সরে দাঁড়াতে, এর বাইরে তো আমি যেতে পারি না।”
দলীয় সিদ্ধান্তের চিঠি রিটার্নিং অফিসারকে পাঠিয়ে দিয়েছেন বলেও জানান বাবলু।
জানতে চাইলে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাতজন প্রার্থীর মধ্যে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কারও প্রত্যাহারের আবেদন আমাদের হাতে আসেনি। কেউ প্রত্যাহার করতে চাইলে ৫টার মধ্যে জমা দিতে হবে।”
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বোয়ালখালী উপজেলা ও চান্দগাঁও থানা নিয়ে গঠিত এই আসনে ভোট হবে আগামী ১৩ জানুয়ারি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মহাজোটের কাছ থেকে চট্টগ্রাম-৮ আসনটি এককভাবে না পাওয়ায় জাতীয় পার্টি বাবলুকে কক্সবাজার-১ আসন থেকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু বাবলু ওই আসন থেকে নির্বাচন করেননি।
এবার উপ নির্বাচনে আওয়ামী লীগ আসনটি শরিকদের না ছেড়ে মনোনয়ন দেয় মোসলেম উদ্দিন আহমদকে। অন্যদিকে মহাজোটে তাদের শরিক জাতীয় পার্টি প্রার্থী হিসেবে বাবলুর নাম ঘোষণা করে।
রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ের সময় বাবলুর মনোনয়নপত্র বাতিল করে দিলেও পরে আপিল করে প্রার্থিতা ফেরত পেয়েছিলেন জাতীয় পার্টির এই নেতা। এখন দলীয় সিদ্ধান্তেই তাকে সরে যেতে হচ্ছে।
এ উপনির্বাচনের বাকি পাঁচ প্রার্থী হলেন- বিএনপির আবু সুফিয়ান, বিএনএফ এর আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্টের নৈয়দ ফরিদ উদ্দিন আহমেদ, ন্যাপের বাপন দাশগুপ্ত এবং এমদাদুল হক।
