২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেত্রীর ওয়াদা পূরণের’ দল গড়তে চান ওবায়দুল কাদের

নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতিকে যেসব প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, তা পূরণের জন্য দলকে ‘স্মার্ট ও শক্তিশালী’ করে সাজাতে চান দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2019, 08:45 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

শনিবার দলের ২১তম জাতীয় সম্মেলনের পর ধানণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন কথাই বলেন।

টানা তৃতীয়বার সরকার গঠনের পরপরই দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া ওবায়দুল কাদের সামনে কী চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন- তা জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।

উত্তরে তিনি বলেন, “মূল প্রতিশ্রুতি হচ্ছে আমাদের নির্বাচনী ইশতেহার। আমাদের নেত্রী নির্বাচনের আগে এ দেশের জনগণের কাছে যে অঙ্গীকার করেছেন ইশতেহারের মাধ্যমে, সেই নির্বাচনী ইশতিহারে প্রতিটি গ্রামকে শহর, প্রত্যেক পরিবারে একজনের কর্মসংস্থান নিশ্চিত করাসহ আরও কিছু অঙ্গীকার আছে। এই নির্বাচনী ইশতিহার আগামী নির্বাচনের আগে পূরণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে- এটা আমাদের চ্যালেঞ্জ।

“এই বিরাট দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমরা স্ট্রং টিম লাইন, স্পিরিটেড টিম ওয়ার্ক গড়ে তুলব। স্মার্টার আওয়ামী লীগ, আধুনিক আওয়ামী লীগ গড়ে তুলব। ট্র্যাডিশনের সঙ্গে টেকনোলজি, আইডিওলজির সঙ্গে রিয়েলিজম- এর মধ্যে একটা ফাইন ব্যালেন্স করে নেত্রীর প্রতিশ্রুতি ভিশন ২০২১ আমাদের আপাতত পূরণ করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, নবনির্বাচিত কমিটির সামনে আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, তার পরের বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বিপুল কর্মযজ্ঞ রয়েছে। এরপর রয়েছে ‘ভিশন ২০৪১’, ওই বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চান শেখ হাসিনা। তারপর আছে শতবছরের ডেল্টা প্ল্যান।

“এগুলো আমাদের সভাপতির ওয়াদা, এই ওয়াদা পূরণ করা, বাস্তবায়ন করাই হবে আমাদের চ্যালেঞ্জ।”

আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, “আমরা আমাদের প্রতিপক্ষকে দুর্বল ভাবি না, আমরা আমাদের দেশের গণতন্ত্রকে একচাকার বাই সাইকেল মনে করি না, আমরা মনে করি দুই চাকার বাইসাইকেল।

“গণতন্ত্রকে আমরা শক্তিশীরী করতে চাই। সেজন্য বিরোধী দলের প্রতি আমাদের টলারেন্স আছে। আমরা কখনও তাদের কোনো সভা-সমাবেশে প্রতিরোধ করি না। আমাদের পার্টি অফিসের সামনে আমাদের নেতাকর্মীরা আক্রান্ত করেছিল, সেই নিরাপদ সড়ক আন্দোলনের সময়, তারপরেও আমরা পাল্টা আঘাত করিনি। আমরা সহিষ্ণুতা দেখিয়েছি। বিরোধী দলের প্রতি আমাদের সহিষ্ণুতা থাকবে। তবে যেখানে সহিংসতা, তা মোকাবিলা করা হবে, জনগণের জান-মালের স্বার্থে করতে হবে।”

আওয়ামী লীগের সম্মেলনে সঙ্কট উত্তরণের ‘দিক নির্দেশনা নেই’- বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, নিজেদের দলে ‘ন্যূনতম গণতন্ত্র নেই’ বলেই বিএনপি নেতারা এমন মন্তব্য করেন।  

“তারা একটা কমিটি করেছে। যিনি বললেন, ফখরুল সাহেব, তিনি তো আমার এক বছর আগে মহাসচিব হয়েছেন। এখন এটা কত বছরের কমিটি? এটা কেউ জানে না কবে হবে তাদের জাতীয় সম্মেলন। কোনো জেলার সম্মেলন হয়েছে এটা আমরা গত দশ বছরেরও দেখিনি। উপজেলার সম্মেলন, ইউনিয়নের সম্মেলন কি তারা করেছে?

“একটা কমিটি করেছে সেটাও জাম্বো জেট। সেটার মিটিং একবার শুনেছিলাম লা মেডিরিডিয়ানে, সে এক চরম বিশৃঙ্খলার মিটিং। বিএনপির তো নিজেদের দলেই গণতন্ত্র নেই, তারা গণতন্ত্রের অর্থ তাৎপর্য কি বুঝবে!”

আওয়ামী লীগের যে নেতারা মন্ত্রিসভায় আছেন, দলে তাদের অনেকের দায়িত্ব পরিবর্তন হবে বলে জানান ওবায়দুল কাদের।

“পুরো কমিটি আশা করি দুই এক দিনের মধ্যে হয়ে যাবে। সাধারণ সম্পাদক পদে আমি নির্বাচিত হয়েছি, এই পদে আসার মত যোগ্য ব্যক্তি আরও অনেক আছে। আমার তো ফিরে আসারই কথা ছিল না, আলৌকিকভাবে ফিরে এসেছি। দেশবাসীর দোয়ায় আমি ফিরে এসেছি। নেত্রীর সঠিক সিদ্ধান্তের কারণে আমি ফিরে এসেছি।”

ওবায়দুল কাদের বলেন, “পূর্ণাঙ্গ কমিটির জন্য একটু অপেক্ষা করতে হবে। ৮১ জনের যে কমিটিটা ছিল, সেটা সুন্দর কমিটি, অ্যাকটিভ কমিটি ছিল, নন পারফর্মার ছিল না।

“অনেকে ছিল যাদের নেত্রী ভারবাহী করতে চাননি, যাদের মন্ত্রিত্ব আছে, তেমন অনেকেই হয়ত দায়িত্বের পরিবর্তন এবার হবে। সেটা আজকেও আপনারা বুঝতে পেরেছেন।”

কার্যনির্বাহী সদস্য পদে নতুন মুখ আসবে জানিয়ে ওবায়দুল কাদের বলে, “সদস্যদের মধ্যে কিছু নতুন মুখ আসবে। দুই একদিনের মধ্যেই সভাপতিমণ্ডলীর সঙ্গে আলাপ-আলোচনা করে ঘোষণা করা হবে।”

আগামী ১০ মার্চের মধ্যে সারা দেশে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ সব কমিটির সম্মেলন হবে বলেও জানান ওবায়দুল কাদের।

পুরনো খবর:

শেখ হাসিনার সঙ্গে কাদেরই থাকছেন আওয়ামী লীগের নেতৃত্বে
‘দ্বিতীয় জীবনের’ ওবায়দুল কাদের দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক