২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নাগরিকত্ব সংশোধন আইনে ‘আঞ্চলিক সম্প্রীতি বিনষ্টের শংকা’

ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ায় উভয় দেশে সংখ্যালঘুদের ক্ষতির পাশাপাশি উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশংকা করছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 08:08 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

সম্প্রতি পাস হওয়া আইনটির বিরুদ্ধে ভারতজুড়ে বিক্ষোভে সংহতি জানাতে বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ শংকার কথা তুলে ধরেন বিএনপির সহযোগী সংগঠনটির আহ্বায়ক গৌতম চক্রবর্তী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “আইনটি ধর্মীয় বিভাজনের ভিত্তিতে করার ফলে উভয় দেশের সংখ্যালঘুরা আতংকিত হবে এবং সংখ্যাগুরুদের মধ্যে দুঃখবোধের জন্ম হওয়াটা অস্বাভাবিক নয়।

“একইসঙ্গে ভারতে বসবাসরত নাগরিকত্বহীন সংখ্যালঘু মুসলিমদের মধ্যেও আতংক সৃষ্টি হবে এবং স্বাভাবিকভাবে আমাদের দেশে অনুপ্রবেশের প্রবণতা দেখা দেবে। এই আইনে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়া হিন্দুদের লাভ হলেও এদেশে বসবাসকারী হিন্দুদের লাভের সম্ভাবনা কম।

“উভয় দেশে সংখ্যালঘুদের ক্ষতির আশংকা থাকতে পারে, এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে এবং ধর্মীয় বিভাজনের সহায়ক হবে।”

এই বিএনপি নেতা বলেন, এই আইনের কারণে বাংলাদেশে সামান্য ঘটনা ঘটলেই দেশত্যাগের প্রবণতা বাড়বে। সহজেই ভারতেীয় নাগরিক হওয়ার ও নিরাপত্তার আশায় ভারতে আশ্রয় নেওয়া বাদবে। ফলে এক সময় দেশে হিন্দুর সংখ্যা আংশকাজনক হারে কমে যাবে।

ভারতের লোকসভায় নাগরিকত্ব আইন উপস্থাপনকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে  তিনি বলেন, “একটি সরকারের সময়ে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং দেশত্যাগের কথা বলা হয়েছে। এতে সত্যকে আড়াল করা হয়েছে।

“ফলে বর্তমান সময়ের চিত্র এবং অতীতের সকল সময়ে ঘটনাসমূহ উল্লেখ না করাতে অপরাধ প্রবণতা ও ঘটে যাওয়া ঘটনাসমূহ বিচার না হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে।”

গৌতম বলেন, “আমি বলতে চাই, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি ধর্মীয় সংখ্যলঘুদের ওপর অত্যাচার, সম্পদ দখলের ঘটনা এবং সেই কারণে দেশ ত্যাগের প্রবণতা কমবেশি বিদ্যমান।”

এর পেছনের কারণ হিসেবে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাসমূহের প্রতিকার ও বিচার না হওয়াকে দায়ী করে তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য, কোনো ঘটনা ঘটলেই রাজনৈতিক দলসমূহ একে অপরকে দায়ী করে। এর ফলে গুরুত্বপূর্ণ অপরাধগুলো চাপা পড়ে যায়।”

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সম্পদ দখল, মন্দির ধ্বংস, মন্দিরের জায়গা দখল, নারীদের ওপর অত্যাচার ও দেশ ত্যাগের ঘটনা ধারাবাহিকভাবে কমবেশি সকল সময় চলতে থাকে উল্লেখ করে গত ১০ বছরে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতনের চিত্র বিশেষ করে রামু বৌদ্ধ মন্দির ধ্বংস, ব্রাক্ষণবাড়িয়ার নাসির নগর পাবনার সাঁথিয়ায় হিন্দু মন্দির ভাঙ্গাসহ বাড়ি-ঘর ভাংচুর, ঠাকুরগাঁও ও ফরিদপুরে সংখ্যালঘুদের বাড়ি-ঘর দখল, পুরান ঢাকায় বিশ্বজিত হত্যাকাণ্ড, গোপালগঞ্জে সাধু পরমানন্দ হত্যাকাণ্ডের ঘটনা সংবাদ সম্মেলনে তুলে ধরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট।  

সংগঠনের উপদেষ্টা নিতাই রায় চৌধুরী, অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, সদস্য জন গোমেজ, অমেলেন্দু দাশ অপু, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, তরুন দে, বিশ্বজিত ভদ্র ও উত্তম কুমার বক্তব্য দেন।