২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতাবিরোধীদের ফাঁদে পা দিয়েছেন সিপিবি সভাপতি: জাসদ

মুক্তিযুদ্ধে তোফায়েল আহমেদ, হাসানুল ইনুসহ বিএলএফ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সমালোচনা করে জাসদ বলেছে, আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধীদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিতর্কিত করার কৌশলের ফাঁদে পা দিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 09:47 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

মুজাহিদুল ইসলাম সেলিমের ‘এই অজ্ঞতা জ্ঞানপাপের পর্যায়ে পড়ে’ বলেও মন্তব্য করেছে দলটি।

বিজয় দিবসের আগের দিন দলীয় এক আলোচনা সভায় আওয়ামী লীগের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে শুধু নিজেদের ভূমিকার কথা প্রচার করে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি সেলিম।

ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর যোদ্ধা সেলিম সেদিন বিএলএফ তথা মুজিব বাহিনীর নেতৃত্বদাতাদের মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তারা ‘অস্ত্র হাতে যুদ্ধ করেননি’, ছিলেন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টায়।    

Image
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম (ফাইল ছবি)

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম (ফাইল ছবি)

তিনি বলেছিলেন, “বিএলএফ কে? মুজিব বাহিনী বলতে যেটাকে বোঝায়, অনেক বড় বড় নেতার নাম শুনবেন, নামগুলো আমি উচ্চারণ করতে চাই না। তোফায়েল আহমেদ ধ্যাত বলি আর কি, শেখ মনি, সিরাজুল আলম খান, হাসানুল হক ইনু- সবাই ছিল ‘পলিটিক্যাল কমিসার’।

“অস্ত্র নিয়ে যুদ্ধ কেউ করেনি। বলুক না একটা কোন জায়গায় অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে? কারণ তাদের মিশন ছিল অন্য জায়গায়। হোল বিএলএফটাই এই। আর আমাদের বাহিনী অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে।”

তোফায়েলের মতো সিরাজুল আলম খান ও হাসানুল হক ইনুও ছিলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা। একাত্তরে একসঙ্গেই বিএলএফের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তারা। স্বাধীনতার পর আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গড়ে তোলেন সিরাজুল আলম খান, আ স ম আব্দুর রব, শাহজাহান সিরাজ, হাসানুল হক ইনুসহ একদল সাবেক ছাত্রলীগ নেতা। সেই জাসদের এখন নেতৃত্বে আছেন হাসানুল হক ইনু।

মঙ্গলবার তার দলের বিবৃতিতে মুক্তিযুদ্ধে বিএলএফের নেতাদের নিয়ে সে সময়ের ছাত্রলীগ নেতা ও এখন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের বক্তব্যের প্রতিবাদ জানানো হল।

আ. লীগই এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে: সেলিম

জাসদের বিবৃতিতে বলা হয়, “সিপিবির সভাপতি ‘মেধাবী মার্ক্সবাদী তাত্ত্বিক’ হিসাবে পরিচিত কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে মুক্তিযুদ্ধে বিএলএফ তথা মুজিব বাহিনীর ভূমিকা ও ব্যক্তি হিসাবে বিএলএফ তথা মুজিব বাহিনীর চার আঞ্চলিক অধিনায়ক ও হাসানুল হক ইনু সম্পর্কে ব্যক্তিগত বিদ্বেষপূর্ণ যে বক্তব্য দিয়েছেন তা শুধু দুঃখজনকই নয়, তা ঐতিহাসিক সত্য ও যুদ্ধবিদ্যার সাধারণ জ্ঞান পরিপন্থি।

“কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত ও মুক্তিযুদ্ধের মহিমাকেই ম্লান করার পুরাতন কৌশলের ফাঁদেই পা দিয়েছেন মাত্র।”

Image
জাসদ সভাপতি হাসানুল হক ইনু (ফাইল ছবি)

জাসদ সভাপতি হাসানুল হক ইনু (ফাইল ছবি)

মুক্তিযুদ্ধে কাদের কী ভূমিকা ছিল, সে বিষয়ের ওপরও আলোকপাত করা হয়েছে জাসদের বিবৃতিতে।

এতে বলা হয়, “মুক্তিযুদ্ধে মুজিব নগরে গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মূলত গণবাহিনীর ১১টি সেক্টর ও নৌ কমান্ডো এবং বিএলএফের অন্তর্ভুক্ত হয়ে যুদ্ধ করেছেন।

“এর বাইরে ছাত্র ইউনিয়ন (মতিয়া), ন্যাপ (মো), সিপিবির সদস্যদের নিয়ে পৃথকভাবে প্রশিক্ষণ নিয়ে গঠিত ‘ছাত্র ইউনিয়ন-ন্যাপ-সিপিবি বাহিনী’ গঠিত হয়েছিল। ছাত্র ইউনিয়ন (মেনন), চীনপন্থি কমিউনিস্টদের বিভিন্ন ছোট ছোট খণ্ডাংশ বা গ্রুপ এবং ভাসানী (ন্যাপ) এর ছোট ছোট খণ্ডাংশ বা গ্রুপ ও কিছু ব্যক্তি পৃথকভাবে প্রশিক্ষণ নিয়ে ‘জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি’ নামে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। ”

এছাড়া দেশের ভেতরে টাঙ্গাইল অঞ্চলে কাদেরিয়া বাহিনী, টাঙ্গাইল ও মানিকগঞ্জের কিছু অঞ্চলে বাতেন বাহিনী, সিরাজগঞ্জে লতিফ মির্জা বাহিনী, মানিকগঞ্জে লুডু বাহিনী, মাগুরা-ঝিনাইদহ-কুষ্টিয়ার কিছু অঞ্চলে আকবর বাহিনী, ফরিদপুর-গোপালগঞ্জের অংশ বিশেষে হেমায়েত বাহিনীসহ অনেকগুলো আঞ্চলিক বাহিনীও যুদ্ধ করেছে।

জাসদের বিবৃতিতে বলা হয়, “যেহেতু বঙ্গবন্ধুর নির্দেশনায় কেবল ছাত্রলীগই ষাট দশকের শুরু থেকেই সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছিল, তাই ২৫ মার্চের ক্র্যাক ডাউনের সাথে সাথেই দেশব্যাপী ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাই প্রাথমিক প্রতিরোধের সূচনা করেন এবং বিদ্রোহী পুলিশ, ইপিআর, সেনাবাহিনীর সদস্যদের সংগঠিত করে মুক্তিযুদ্ধের পথে এগিয়ে যান।

“তাই অস্থায়ী বাংলাদেশ সরকারের নেতৃত্বে পরিচালিত গণবাহিনীর (মুক্তিবাহিনী ও মুক্তিফৌজ) ১১টি সেক্টরে ও নৌ-কমান্ডোতেও ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের সদস্যদের অংশগ্রহণ ছিল স্বাভাবিকভাবেই বেশি। এছাড়া কাদেরিয়া বাহিনী, বাতেন বাহিনী, লতিফ মির্জা বাহিনী, লুডু বাহিনী, আকবর বাহিনী, হেমায়েত বাহিনীসহ আঞ্চলিক বাহিনীগুলোতেও ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের সদস্যদের অংশগ্রহণের আধিক্য ছিল।”

বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধ দীর্ঘমেয়াদি হতে পারে সেই ভাবনা থেকে দীর্ঘমেয়াদি প্রলম্বিত গেরিলা যুদ্ধ ও গণযুদ্ধের জন্য প্রশিক্ষিত গেরিলা বাহিনী গড়ে তোলার লক্ষ্যে ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বাছাই করা নেতা-কর্মীদের নিয়ে বিএলএফ গঠন করা হয়েছিল।

“বিএলএফ যুদ্ধকৌশল হিসাবে সীমান্তের ওপারে নয়, সীমান্তের অভ্যন্তরে দেশের ভেতরে অবস্থান করে গেরিলা যুদ্ধ ও জনযুদ্ধ পরিচালনা করার পাশাপাশি জনগণকে রাজনৈতিক, আদর্শিক ও সামরিকভাবে প্রশিক্ষিত করে পুরো জনগণকেই গেরিলা যোদ্ধায় উন্নীত করার কাজ করে। বিএলএফ এবং ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের দেশব্যাপী বিস্তৃত এই নেটওয়ার্ক ব্যবহার করেই গণবাহিনী (মুক্তিবাহিনী ও মুক্তিফৌজ) এবং মিত্রবাহিনী দেশের অভ্যন্তরে প্রবেশ করে যুদ্ধ করেছিল।”

বিএলএফ প্রশিক্ষণ ক্যাম্পে সামরিক ও রাজনৈতিক-আদর্শিকভাবে প্রশিক্ষিত গেরিলাদের নিয়ে সারা দেশকে চারটি অঞ্চলে ভাগ করে চারটি যুদ্ধ কমান্ড গঠনের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ওই কমান্ডগুলোর অধিনায়ক ছিলেন শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদ।

“বিএলএফ প্রশিক্ষণ ক্যাম্পে গেরিলা যুদ্ধের উচ্চতর প্রশিক্ষণ নিয়ে ১১ হাজার গেরিলা যোদ্ধা এই চারটি কমান্ডের অধীনে দেশের অভ্যন্তরে ঢুকে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। এই চারটি কমান্ডের অধীনে সকল জেলা, মহকুমা, থানা পর্যায়ে বিএলএফের কমান্ড ইউনিট গঠন করা হয়েছিল। তারা দেশের অভ্যন্তরে বিভিন্ন জেলা, মহকুমা, থানা, শহর ও গ্রাম পর্যায়ে আরও পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধাকে স্থানীয়ভাবে প্রশিক্ষিত করে যুদ্ধে অংশগ্রহণ করেন। অসংখ্য জেলা-উপজেলায় বিএলএফের নেতৃবৃন্দের হাতেই পাকিস্তানি হানাদার বাহিনী ও পাক প্রশাসন আত্মসমর্পণ করেছিল। মুক্তিযুদ্ধে কয়েক হাজার বিএলএফের যোদ্ধা সম্মুখযুদ্ধে শহীদ ও আহত হন।”

জাসদ নেতা হাসানুল হক ইনুর মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে বিবৃতিতে বলা হয়, “বিএলএফ-এর গেরিলা যুদ্ধের সামরিক ও রাজনৈতিক প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ক্যাম্প, রিক্রুটমেন্ট শাখা, অস্থায়ী সরকারের সাথে সমন্বয় শাখা, গোয়েন্দা শাখা ছিল।  যুদ্ধে সামরিক ও রাজনৈতিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসানুল হক ইনু প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষক ও ক্যাম্প কমান্ডেন্ট ছিলেন।”

“গেরিলা যোদ্ধাদের সামরিক ও রাজনৈতিক-আদর্শিকভাবে প্রশিক্ষিত করার গুরুত্বপূর্ণ কাজকে যিনি বা যারা গুরুত্বহীন মনে করেন, তাদের যুদ্ধবিদ্যার সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা কি অন্যায় হবে?,” প্রশ্ন করা হয়েছে মুজাহিদুল ইসলাম সেলিমকে ইঙ্গিত করে।

তার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, “হাসানুল হক ইনুর প্রশিক্ষক ও ক্যাম্প কমান্ডেন্ট হিসাবে ভূমিকা এবং বিএলএফের চার আঞ্চলিক অধিনায়ক শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদের ভূমিকাকে যদি বলা হয় তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি তাহলে এর উত্তরে বলতে হয়, এটা মুজাহিদুল ইসলাম সেলিমের মতো ‘মেধাবী মার্কসবাদী তাত্ত্বিক’ মানুষের অজ্ঞতা নয়, জ্ঞান পাপের পর্যায়েই পড়ে।”

বিএলএফ সদস্যদের প্রশিক্ষণে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র খরচ না করে তা প্রয়োজন এলে বামপন্থিদের বিরুদ্ধে ব্যবহারের জন্য জমিয়ে রাখার নির্দেশ দেওয়া হত বলে অভিযোগ করেছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম।

তার ওই বক্তব্য নাকচ করে জাসদ বলছে, “বিএলএফ সদস্যদের অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে বিরোধ করার নির্দেশনা দেয়া তো দূরের কথা বরং সকল মুক্তিযোদ্ধাদের কীভাবে সমন্বিত করে দীর্ঘমেয়াদি প্রলম্বিত যুদ্ধের লক্ষ্যে সংগঠিত ও পরিচালিত করা যায়-সেই দীক্ষাই দেয়া হয়েছিল।”

“বিএলএফ ক্যাম্পের প্রশিক্ষণে স্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় বিপ্লবী গেরিলাদের রাজনৈতিক ভূমিকা কী হবে তার উপর গুরুত্বারোপ করা হয়েছিল।”