২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের দুর্গতিতে ঢাকা এখন দুর্গম: সেলিমা

সরকারের ‘উন্নয়নে’ রাজধানীতে চলাচল করা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 10:10 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

সোমবার এক আলোচনা সভায় তিনি বলেন, “ঢাকা শহর একটা দুর্গম শহরে পরিণত হয়েছে। যে শহরে কেউ চলাফেরা করতে পারে না।

“বর্তমান সরকারের যে মুখের বুলি, যে বুলি হলো উন্নয়ন। উন্নয়নের রোল মডেলে পড়ে আজকে রাজধানী শহর আবদ্ধ হয়ে গেছে। কেউ আমরা এখান থেকে ওখানে যেতে পারি না, ওখান থেকে এখানে আাসতে পারি না। কেউ খেতে পারে না…বায়ু দূষণ, ধুলোবালি।”

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগ দিন কাটাচ্ছে বলেও মন্তব্য করেন সাবেক এই প্রতিমন্ত্রী।

পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রসঙ্গ টেনে সেলিমা বলেন, “এই আলোচনা সভায় আসার আগে একটু আগে দেখছিলাম- পেঁয়াজের জন্য প্রেস ক্লাবের সামনে বিরাট লাইন। লোকে বিভিন্ন জায়গায় জমায়েত হয় নিত্যদিনের কিছু খাবারের সংস্থান করার জন্য।”

সরকারের সমালোচনায় তিনি বলেন, “আমরা জানি- উন্নয়ন বলতে কী হচ্ছে। আমরা বুঝি কেন বেগম খালেদা জিয়ার জামিন হচ্ছে না। কেন তারেক রহমানের নামে মিথ্যা মামলা।”

জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে ‘৭ নভেম্বর : খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

সংগঠনের চেয়ারম্যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে সদস্য কবীর মুরাদের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস, জিয়ার পরিষদের এমতাজ হোসেন, আবদুল কালাম আজাদ, লুৎফর রহমান বক্তব্য রাখেন।