ঘূর্ণিঝড় মোকাবেলায় ‘প্রস্তুত’ আওয়ামী লীগ
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগ ‘সর্বোচ্চ প্রস্তুতি’ নিয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল উপকূলীয় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।”
শনিবার বিকালে ঢাকার ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের এ কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপকূলীয় এলাকার মানুষকে সেবা দেবেন। জনগণকে সাথে নিয়ে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করব।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় মনিটরিং টিম খোলা হয়েছে বলে জানান কাদের।
তিনি বলেন, “কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ উপকমিটির নেতারা সারা দেশের তৃণমূলের সঙ্গে সমন্বয় করবেন।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
