শেখ হাসিনার জন্মদিনে গণভবনে দোয়া, নেতাদের শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর গণভবনে মিলাদে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে দোয়া করা হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেনসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদে অংশ নেন।
জি এম কাদেরের শুভেচ্ছা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে জি এম কাদের তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
জি এম কাদের বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সরকারের সকল কর্মকাণ্ডে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে ইতিবাচক ভূমিকা পালন করবে।”
জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁও শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সাফল্য কামনা বিকল্পধারার
সুন্দর বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তগুলোর সাফল্য কামনা করেছে বিকল্পধারা বাংলাদেশ।
বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব আবদুল মান্নান প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছাবাণীতে তার সাফল্য কামনা করেন।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বর্তমান ও ভবিষ্যতের রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তসমূহ যেন দীর্ঘ মেয়াদে বাংলাদেশের অনুকূলে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হয়, শুভেচ্ছাবাণীতে তারা এ আশা প্রকাশ করেন।
