‘দুষ্ট চক্র’ গুঁড়িয়ে দিতে আহ্বান সিপিবির
দুর্নীতি ও অনিয়ম রোধে চলমান অভিযানে ‘চুনোপুঁটি থেকে বাঘব বোয়াল’ সবাইকে ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – সিপিবি।
‘অপরাধ-সিন্ডিকেট, মাফিয়াতন্ত্র নিপাত যাক’ ব্যানারে বুধবার বিকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের নেতারা সরকারের প্রতি এই আহ্বান জানান।
সিপিবি নেতারা অভিযোগ করেন, ক্যাসিনো বন্ধে গত কয়েকদিনের অভিযানে ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটে ক্ষমতাসীনদের সঙ্গে পুলিশ ও প্রশাসনের যোগসাজশের বিষয়টি ফুটে উঠেছে।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, “পুলিশের সহযোগিতায় সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে যুবলীগের নেতারা ঢাকার ক্রীড়া ক্লাবগুলোকে ক্যাসিনো বানিয়েছে। তাদের প্রত্যক্ষ পরিচালনায় অবাধে মদ, জুয়া, দেহব্যবসা চলেছে ক্লাবগুলোতে।
“ভাগ পাচ্ছে গডফাদার দলীয় নেতারা এবং পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আইনশৃংখলা বাহিনী ক্যাসিনো বাণিজ্যের সাথে সংশ্লিষ্টদের বাসা-অফিসে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা, স্বর্ণালংকার, অস্ত্র, মাদক উদ্ধার করেছে।”
তিনি বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ছাত্রলীগের শীর্ষ নেতারা উন্নয়ন কাজের ঠিকাদারি থেকে কমিশন দাবি করেছে। তারা কমিশনকে তাদের ন্যায্য হিস্যা মনে করে।
”এ থেকেই বোঝা যায় ঘুষ-দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। উন্নয়ন কাজের ঠিকাদারির নিয়ন্ত্রক গ্রেপ্তার যুবলীগ নেতার বয়ান থেকে দেখা যাচ্ছে ঘুষের বিনিময়ে কাজ দেওয়া হত এবং এ ঘুষের ভাগিদার আমলা-ক্ষমতাসীন রাজনৈতিক নেতা সবাই।”
শাহ আলম বলেন, ‘নিরপেক্ষভাবে’ এ সকল ‘দুর্নীতিবাজ ও মাফিয়াদের‘ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হলে জনগণ সরকারের এ উদ্যোগকে ’আইওয়াশ’ মনে করবে।
“এই অভিযানে চুনোপুঁটি-রাঘব বোয়াল সবাইকে ধরতে হবে।”
আগামী ৩০ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণাও দিয়েছে সিপিবি।
