২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে জার্সিই গায়ে দিক, তারা দুর্নীতিবাজ: ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতিবাজরা যে জার্সিই গায়ে দিক, দুর্নীতিবাজই তাদের পরিচয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2019, 11:52 PM

Updated : 08 Apr 2022, 04:45 PM

সোমবার ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইনু বলেন, “জঙ্গিরা হচ্ছে দেশের বিপদ, দুর্নীতিবাজরা হচ্ছে বিষফোঁড়া, দেশের উন্নয়নের আপদ, উইপোকা, ফসলকাটা ইঁদুর।”

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, “শেখ হাসিনা সোনার ফসল ফলায়, ইঁদুর গোষ্ঠী ফসল কাটে। দুর্নীতিবাজদের কোনো দল নাই।”

ইনু বলেন, “শেখ হাসিনা দুর্নীতি উচ্ছেদে শুদ্ধি অভিযান চালান আর বেগম খালেদা জিয়া তার শাসনামলে নির্লজ্জভাবে তারেকের দুর্নীতির ঘাঁটি হাওয়া ভবন রক্ষা করে। তাই শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে এক পাল্লায় মাপা ঠিক নয়।” 

চলমান ‘শুদ্ধি অভিযান’ দুর্নীতিবাজ ‘ইঁদুরদের’ শায়েস্তা করে সুশাসন প্রতিষ্ঠার পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই শরিক নেতা।

অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খান, উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ), আরিফুর রহমান এবং জাসদ নেতা মীর হোসেন আখতার ও শফি উদ্দিন মোল্লা অনুষ্ঠানে বক্তব্য দেন।