জামিন নাকচ, মহিলা দলের নেত্রী রাজিয়া কারাগারেই
বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলীমের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
বুধবার গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছিল বিএনপির সহযোগী সংগঠনটির এই নেতাকে।
বৃহস্পতিবার তার পক্ষে জামিনের আবেদন হলে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম শুনানি শেষে তা নাকচ করেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই হেলাল উদ্দিন জানান, গত বুধবার রাজিয়া আলীমকে আদালতে হাজির করে বংশাল থানা পুলিশ। তখন তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তার শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিল।
বুধবার পুরান ঢাকার নয়াবাজারের বাগডাসা লেনের বাসা থেকে বংশাল থানা পুলিশ রাজিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাজিয়ার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়। চলতি বছরের জুন মাসে তার বিরুদ্ধে এই মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়। তার পর থেকে তিনি পলাতক ছিলেন।
