ভোট চাওয়ার মুখ তাদের নেই: খন্দকার মোশাররফ
জনবিচ্ছিন্ন হয়ে ভোটের রাজনীতি থেকে আওয়ামী লীগ বিদায় নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
জাতীয় প্রেস ক্লাবে শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “১৯৭৫ সালে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। আজকে আবার কী দেখছি? ভোটের আগের দিন ২৯ ডিসেম্বর রাতে সকল প্রশাসনিক শক্তিকে হাতে নিয়ে তারা জনগণের ভোট ও অধিকার ডাকাতি করেছে। গণতন্ত্রকে কথা শুনলে তারা আঁতকে উঠে।
“আমি মনে করি, ডিসেম্বরের ২৯ তারিখ রাতে ভোট ডাকাতি করে আওয়ামী লীগ সারাজীবনের জন্য ভোটের রাজনীতি থেকে বিদায় নিয়ে গেছে, নিজের ইচ্ছায় বিদায় নিয়ে গেছে। জনগণের কাছে ভোট চাওয়ার তাদের আর মুখ নেই।”
খন্দকার মোশাররফ বলেন, “আজকে যে অবস্থা- বাকশাল প্রতিষ্ঠার পরে যে ধরনের শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল, বর্তমানে অলিখিত বাকশাল সরকারের অধীনে ঠিক একই অবস্থা বিরাজমান। এই পরিস্থিতি থেকে যদি জনগণকে রক্ষা করতে হয়, জনগণকে মুক্ত করতে হয় তাহলে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে জনগণের মধ্যে ইস্পাতকঠিন জনঐক্য সৃষ্টি করে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র রক্ষা ও অর্থনৈতিক মুক্তি কায়েম করতে হবে।”
গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এই আলোচনা সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক হুমায়ুন কবীর ব্যাপারীর সভাপতিত্ব করেন।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠিকন সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য রেজাবুদ্দৌলা চৌধুরী, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
