২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রওশনপন্থিরা অপরাধ করেছে, অভিযোগ কাদেরপন্থিদের

যারা রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন, তারা দলের গঠনতন্ত্রবিরোধী ‘অপরাধ’ করেছেন বলে মন্তব্য করেছেন জিএম কাদেরপন্থি অংশের নেতা কাজী ফিরোজ রশীদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2019, 10:50 PM

Updated : 10 Oct 2022, 09:22 PM

পুরনো খবর:

এরশাদের জাতীয় পার্টি আবার ভাঙছে?

শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের এক যৌথসভা চলাকালে সাংবাকিদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।  দলের সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও তার সঙ্গে ছিলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, “যারা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন তারা গঠনতন্ত্রবিরোধী অপরাধ করেছেন। তারা সাধারণ জনগণ এবং জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন।”

এরশাদের মৃত্যুতে শূন্য আসন রংপুর-৩ এর উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন ঘিরে জাতীয় পার্টিতে গৃহদাহের আঁচ পাওয়া যাচ্ছিল। গত কয়েকদিনে এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও ভাই জি এম কাদেরের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।

এরশাদের মৃত্যুর পর কো-চেয়ারম্যান কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন, যদিও তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রওশন সমর্থকরা।

গত মঙ্গলবার জি এম কাদের তাকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারকে চিঠি দেওয়ার পর পাল্টা চিঠিতে বিরোধীদলীয় উপনেতা রওশন বলেন, কাদের দলের মত না নিয়েই ওই পদ চাইছেন। 

এরশাদ বেঁচে থাকার সময় এই দুজনের দ্বন্দ্ব সামলেছিলেন; কিন্তু তার অবর্তমানে দুজন মুখোমুখি দাঁড়ানোয় নেতারাও ভাগ হয়ে পড়েছেন।

কাজী ফিরোজ রশীদ ব্রিফিংয়ে বলেন, “জাতীয় পার্টির মাঝে বিভ্রান্তি যারা ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।” 

“জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক গোলাম মোহাম্মদ কাদের এমপিকে পার্টির চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত করেছেন। পরবর্তীতে ১৭ অগাস্ট প্রেসিডিয়ামের সভায় উপস্থিত সকল সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপিকে বিরোধী দলীয় নেতা হতে সমর্থন দিয়েছেন। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই।” 

তিনি বলেন, পার্টির চেয়ারম্যান হিসেবে এরশাদ স্পিকারকে চিঠি দিয়ে বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্ধারণ করেছেন সব সময়। এটা পার্টি চেয়ারম্যানের এখতিয়ার। সিদ্ধান্ত নেওয়া জন্য তিনি কখনো পার্লামেন্টারি কমিটির সভা করেননি। গঠনতন্ত্রেও সেরকম সভা করার কথা লেখা নেই। 

“জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং তিনিই হবেন সংসদে বিরোধী দলীয় নেতা।”

ব্রিফিংয়ে উপস্থিত আরেক প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু বলেন, “জাতীয় পার্টি দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দল। হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। তিনি তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে গঠনতন্ত্র অনুসরণ করেই জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন।” 

বাবলুর অভিযোগ, যারা বা যে ‘অন্য কাউকে’ জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন, তারা কা তিনি ‘অবৈধ কাজ’ করেছেন। আর চেয়ারম্যান হিসেবে তিনি যার নাম ঘোষণা করেছেন, তিনি এর প্রতিবাদ না করে ‘সীমা লঙ্ঘন’ করেছেন। 

শুক্রবার বিকেল ৫টায় জিএম কাদেরের সভাপতিত্বে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা শুরু হয়। এর আগে কাদেরের সভাপতিত্বেই পার্টির পার্লামেন্টারি বোর্ডের সভা হয়। সেখানে রংপুর-০৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

কাজী ফিরোজ রশীদ ও জিয়া উদ্দিন আহমেদ বাবলু ছাড়াও সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান ও মাসুদ পারভেজ (সোহেল রানা) ও রানা মো. সোহেল রানা প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভায় উপস্থিত ছিলেন।

রওশনপন্থি নেতাদের কাউকে এ সময় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দেখা যায়নি। দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁও সভায় অংশ নেননি।