বিএনপির আন্দোলন কোন বছর, প্রশ্ন হাছান মাহমুদের
ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা জানিয়ে বিভিন্ন সময় বিএনপির দেওয়া নানা হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে এবার আন্দোলনের দিনক্ষণ জানতে চাইলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
নেতাকর্মীদের রাজপথে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথা বরাবর বলে আসছে বিএনপি। সম্প্রতি দলের মহাসচিব ‘ত্যাগ স্বীকার করে’ আন্দোলনে নামার আহ্বানও জানিয়েছেন দলীয় নেতাকর্মীদের।
প্রায় এক যুগ ক্ষমতার বাইরে থাকা বিএনপির আন্দোলন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, "উনি (মির্জা ফখরুল) অক্টোবর মাস থেকে আন্দোলন শুরু করবেন বলেছেন; এটা কোন বছরের অক্টোবর? এটি অনেকে প্রশ্ন রেখেছে।"
তিনি বলেন, “ওনারা তো এভাবে ১০ বছর ধরে বলে আসছেন, ঈদের পরে আন্দোলন, শীতের পরে আন্দোলন, গরম একটু পড়লে... কমলে আন্দোলন, বৃষ্টি একটু কমে গেলে আন্দোলন, বার্ষিক পরীক্ষার পরে আন্দোলন।
“এভাবে বহু আন্দোলনের তারিখ আমরা দেখেছি। কিন্তু তাদের পক্ষে কোনো আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি। মির্জা ফখরুল সাহেব কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সফল। কিন্তু কার্যক্ষেত্রে প্রচণ্ড বিফল।"
বিএনপির আন্দোলন করার সক্ষমতা নিয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, “তাদের সঙ্গে তো জনগণ নেই। জনগণ তো দূরের কথা বিএনপি নেতারা, যারা এই ধরনের আন্দোলনের হুমকি দিচ্ছে। তাদের সাথে তাদের কর্মীরাও নাই।
“যে নেতারা হাই কোর্টে বোরকা পরে হাজির হয়, তাদের উপর তো কর্মীদের আস্থা থাকার কথা নয়।"
জনগণ নয়, বিএনপির আস্থা বিদেশিদের উপর বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
তিনি বলেন, “প্রথমত তারা বার বার কূটনীতিকদের সাথে বসার মাধ্যমে এটি প্রমাণ করছেন। জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, বরং বিদেশিদের উপর তাদের সমস্ত ভরসা।
“যাদের জনভিত্তি নাই তারাই কিন্তু বারবার কূটনীতিকদের কাছে যায়। বার বার বিদেশিদের সাথে... কোনো একটা কিছু হলেই আপনারা দেখতে পাবেন যে, বিএনপি বিদেশিদের ডেকে নালিশ উপস্থাপন করে।”
হাছান মাহমুদ বলেন, "বিএনপিকে অনেকে এজন্য ব্যঙ্গ করে বলে বাংলাদেশ নালিশ পার্টি। আমি বলছি না; অনেকে ব্যঙ্গ করে বলে।”
তিনি বলেন, "প্রকৃতপক্ষে এভাবে বার বার বিদেশিদের সামনে বাংলাদেশের বিষয় নিয়ে উপস্থিত হয়ে কথা বলে তারা প্রমাণ করে যে, তাদের আস্থা বাংলাদেশের জনগণের উপর নয়; বরং বিদেশিদের উপরে। এটি সত্যিই তাদের (বিএনপি) জন্য অত্যন্ত লজ্জাকর।”
