২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর নামে ‘রাজনীতির দোকান’ বন্ধ করতে হবে: কাদের

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সংগঠনের ‘চাঁদাবাজি’র বিষয়ে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2019, 10:51 PM

Updated : 08 Apr 2022, 04:40 PM

বুধবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে তাঁতী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।

কাদের বলেন, “যারা বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে দোকান খুলেছে, এসব দোকান বন্ধ করতে হবে।

“কখনও বঙ্গবন্ধু, কখনও নেত্রীর ছবি, কখনও জয়ের ছবি ব্যবহার করে কিছু কিছু লোক আজকে রাজনীতির দোকান খুলে বসেছে। চাঁদাবাজি করে ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে। কাজেই এদের বিষয়ে পদক্ষেপ নিতে হবে।”

এ সময় চিন্তা, চেতনায় ও কর্মে বঙ্গবন্ধু আদর্শ অনুসরণ করে তার পরিবারের সদস্যের কাছ থেকে সততার শিক্ষা নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কাদের।

‘অগাস্ট নিয়ে বিব্রত বিএনপি’

অস্তিত্ব সঙ্কটে পড়ে  বিএনপি এখন  ‘আবোল-তাবোল’ বকছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের ।

তিনি বলেন, “অগাস্ট মাসে বিএনপি ইতিহাসের কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে চরম অস্বস্তিতে দিন যাপন করে।

“কঠিন সত্যের মুখোমুখি হয়ে তাদের অবস্থা অস্থিরতার অস্বস্তির মধ্যে নিপাতিত হয়। তাদের যে নেতিবাচক রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, সেই রাজনীতি তখন উন্মোচিত হয় নোংরা, আবোল-তাবোল বক্তব্য প্রদানের মধ্য দিয়ে।”

ইতিহাসের মীমাংসিত সত্যকে অমীমাংসিত করার জন্য বিএনপি চেষ্টা করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “এরা তারা, যারা জাতির পিতার খুনিদের পুরষ্কৃত করেছে, পুনর্বাসিত করেছে, সংবিধানে আইন করে এই খুনিদের বিচারের পথ রুদ্ধ করেছে। তারা ১৫ অগাস্টের কলঙ্কজনক ঘটনার মাস্টারমাইন্ড, ২১ অগাস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মাস্টারমাইন্ড।”

জাতির পিতাকে নিয়ে তারেক রহমানের বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গ ধরে কাদের বলেন, “লন্ডন থেকে তাদের কনভিকটেড ফিউজিটিভ লিডার এ কথা বার বার উচ্চারণ করেছে। এখন আবার কাকে না কি জাতীয়তাবাদী জাতির পিতা বানাচ্ছে। টেমস নদীর পাড়ে বসে বাংলাদেশে ষড়যন্ত্রের রাজনীতি করছে।”

তাঁতি লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, তাঁতি লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, সুদীপ চন্দ্র হালদার প্রমুখ।