২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশপ্রেমিকদের’ এক করতে পারলেই বিজয়: ফখরুল

সরকারের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য সৃষ্টি করতে পারলে বিজয় দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2019, 01:07 AM

Updated : 10 Oct 2022, 09:20 PM

শনিবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যে রাজনীতি এখানে প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, মানুষের যে রাজনীতি, গণমানুষের যে রাজনীতি এবং যে রাজনীতির পতাকা বেগম খালেদা জিয়া তুলে নিয়ে বেড়ি্য়েছেন দীর্ঘকাল এবং কারাগারে রয়েছেন ওই রাজনীতি জন্যে। সেই রাজনীতি হচ্ছে আমাদের রাজনীতি।

“আমরা আমাদের এই রাজনীতিকে যদি সঠিক পথে নিতে পারি, যদি নিয়ে যেতে সক্ষম হই, আমরা যদি আরও বৃহত্তর ঐক্য সৃষ্টি করতে পারি, আজকে শুধু জাতীয় পার্টি নয়, অন্যান্য সমস্ত দেশপ্রেমিক দলগুলোকে যদি এক করতে পারি তাহলে অবশ্যই বিজয় আমাদের আসবেই আসবে।”

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “প্রশাসন একেবারে দলীয়করণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয়করণ, বিচার ব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রণে নেওয়ার প্রতি মুহূর্তে চেষ্টা করছে। যার ফলে গোটা রাষ্ট্রযন্ত্রটাই ভেঙে পড়েছে। আমার মনে হয়, আমরা যখন অকার্য্কর রাষ্ট্রের কথা বলি আজকে বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রের দিকে চলে গেছে। এটা ফেইলড স্টেট হয়ে গেছে।

“এই অবস্থার মধ্যে যে কথাগুলো এখানে আপনারা বলেছেন, আমরা কী করব? আমরা মানুষের মাঝে আছি, আমরা মানুষের রাজনীতি করি, বাংলাদেশের জনগণের রাজনীতি আমাদের রাজনীতি। আমরা কখনও পরাজিত হই নাই। বাংলাদেশের মানুষ সঙ্গে সঙ্গে বিএনপির রাজনীতিও কখনও পরাজিত হয়নি। খারাপ সময় এসেছে, আমরা নিচের দিকে গেছি, সংকট এসেছে কিন্তু সেই সংকট থেকে আমরা ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছি। এটা বাস্তবতা, এটা আমি বাড়িয়ে বলছি না।”

বাংলাদেশের ইতিহাসে ‘এখনই সবচেয়ে সংকটময়’ সময় যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

Image
জোটের নেতা, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জোটের নেতা, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আমাদের সমস্ত অর্জনগুলো যা আমরা রক্ত দিয়ে একাত্তর সালে যুদ্ধ করে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে অর্জন করেছি সমস্ত অর্জনগুলো ধবংস করে দেওয়া হয়েছে। এখন গণতন্ত্রের কথা যেটা বলেন ক্ষমতাসীনরা একেবারেই মিথ্যা কথা বলেন। জনগণের সাথে তাদের কোনো সম্পর্কই নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

“প্রতিটি ক্ষেত্রে আপনি দেখেন- বাজেট দেয় সেই বাজেটে মানুষের পকেট খালি করে। এমনভাবে বাজেট যে, এমনভাবে অর্থনৈতিক পরিকল্পনা করে চোরে আরো বড় চোর হয়, লুটেরা আরো বড় লুটেরা হয়। ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে, শেয়ার মার্কেট কিচ্ছু নেই ধ্বংস করে দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেন তিনি জানেনই না ডেঙ্গুতে কত জন মারা গেছে। আপনি যদি মফস্বল, থানা কমপ্লেক্সে যান আপনার মনে হবে না এদেশে কোনো সরকার আছে। হাসপাতালগুলো নোংরা, ভেঙে পড়ছে, খসে পড়ছে সেই জায়গায় কোনো মতে রোগীরা বিছানা নিয়ে আছে।”

শিক্ষা ব্যবস্থা নিয়ে ফখরুল বলেন, “আজকে ব্যাঙের ছাতার মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ। কোথায় কী হচ্ছে, কার পলিসি জানি না আমরা।

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আছেন তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কী আমরা সবাই দেখি-এটা আমরা চিন্তুাও করতে পারি না। এই সমস্ত লোকেরা আমাদের শিক্ষার গুরু হয়েছেন। কথা শুনলে মনে হয় না কোনো রকমের শিক্ষা-সংস্কৃতি তাদের মধ্যে রয়েছে।”

রোহিঙ্গা সংকট সমাধানে সবাইকে এক জায়গায় নিয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টি করা জরুরি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তা না করায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক করে বাংলাদেশ যে রোহিঙ্গা ইস্যুতে একমত এটাকে প্রকাশ করা হোক। তাহলে আপনারা বিশ্বে দেন-দরবার করে মিয়ানমারকে পরাজিত করতে পারবেন।

“না, ওটা তাদের (সরকার) ভালো লাগে না। কারণ কখনোই জাতীয় ঐক্য-টক্যে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে, একাই তারা সব করতে পারবে, আমি ছাড়া আর কেউ নাই- এটাই তাদের চিন্তা-ভাবনা। এই করে করে তারা ১৯৭৫ সালে বাকশাল করেছে আবার এখন তারা ওই নীতিতে চলে গেছে প্রায়। আমাদেরকে সেটা রুখে দিতে হবে। আমরা এদেশের জনগণ কখনোই গণতন্ত্রবিহীন কোনো অবস্থা মেনে নেব না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে আবারা ফিরিয়ে আনব।”

অবিলম্বে নির্বাচন বাতিল করে ‘নিরপেক্ষ সরকারের’ অধীনে নির্বাচনের দাবিও পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, মুক্তিযোদ্ধা সংসদের নঈম জাহাঙ্গীর, বিএনপির শামসুজ্জামান দুদু, জহির উদ্দিন স্বপন, পিপলস পার্টির রিটা রহমান, ভাসানী অনুসারী পরিষদের সুলতান আলম মল্লিক, শেখ রফিকুল ইসলাম বাবুল, শেখ মুজিবুর রহমান, ন্যাপ ভাসানীর মোস্তফা আখন প্রমুখ বক্তব্য রাখেন।