২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের কীর্তি গড়ে গেছেন এরশাদ: জি এম কাদের

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার শাসনামলে ‘উন্নয়নের অসামান্য কীর্তি গড়ে গেছেন’ বলে দাবি করেছেন তার ভাই পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2019, 07:55 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

এরশাদ বাংলাদেশের জনগণের ‘মনের রাজা’ ছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের চেহলামে এসে তিনি এসব কথা বলেন।

গত ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে চেহলামের আলোচনায় প্রধান অতিথি ছিলেন জি এম কাদের।

তিনি বলেন, “পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে কখনও আপস করেননি পল্লীবন্ধু এরশাদ। রাজনীতির চার ভাগের একভাগ সময়ে দেশ পরিচালনা করে উন্নয়নের অসামান্য র্কীতি গড়েছেন তিনি।

“সকল বিরোধিতা উপেক্ষা করে হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। সকল বিরোধিতা অগ্রাহ্য করে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠিয়েছিলেন তিনি। এখন দেশবাসী হুসেইন মুহম্মদ এরশাদের সকল কাজের সুফল ভোগ করছেন।”

জাপা চেয়ারম্যান বলেন, “বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলের সারিতে থেকেও গণমানুষের কল্যাণে কাজ করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ”

এরশাদ ‘এদেশের মানুষের মনের রাজা’ ছিলেন দাবি করে জি এম কাদের বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় দেশের মানুষের মনের ভাষা বুঝতেন। দেশের মানুষের মতামতের ওপর শ্রদ্ধা রেখেই দেশ পরিচালনা করছেন তিনি। তিনি দেশবাসীর অন্তর জয় করে অকৃত্রিম ভালোবাসা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।”

জাতীয় পার্টিতে রওশনপন্থী নেতা বলে পরিচিত প্রেসিডিয়ামের জ্যেষ্ঠ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুও এসেছিলেন অনুষ্ঠানে। দলের নীতিনির্ধারণী বৈঠকে তাকে দেখা না গেলেও এরশাদের চেহলাম অনুষ্ঠানে তিনি বসেছিলেন জি এম কাদেরের পাশের আসনেই।

চেহলামে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এস এম ফয়সল চিশতী, সাহিদুর রহমান টেপা, সৈয়দ মো. আব্দুল মান্নান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভুইয়া।

এরশাদের চেহলাম উপলক্ষে রাজধানীর ৫১ টি এবং রংপুরে ৩৫টি সহ সারা দেশের সব উপজেলা ও ইউনিয়নে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় পার্টি।