মিয়ানমারের ফাঁদে পড়েছে সরকার: ফখরুল
রোহিঙ্গাদের নিয়ে সরকার মিয়ানমারের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “দেখুন কয়েক দিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবকে মনে হচ্ছে তিনি খুব বিব্রত, কিছুটা বলা যেতে পারে ভারসাম্যহীন অবস্থা হয়ে গেছেন। তিনি (ওবায়দুল কাদের) বলছেন, রোহিঙ্গাদের সমস্যা নাকি আমরা করেছি। কী বলবেন? হাসিও পায় তার কথা শুনে।
“এখন উনারা পারছেন না, দে আর ফেইলিং। আমরা পেরেছিলাম। ১৯৭৮ সালে এই রোহিঙ্গারা এসছিল একইভাবে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান অতি অল্প সময়ের মধ্যে মিয়ানমারকে বুঝিয়ে শুনিয়ে তাদের পাঠিয়ে দিয়েছিলেন।
“কেন পেরেছিলেন পাঠিয়ে দিতে, সেই শক্তি তার ছিলে। তিনি কক্সবাজারে ক্যান্টনমেন্টই তৈরি করে ফেলেন ওই সময়ে, পুরো গ্যারিশন নিয়ে চলে গিয়েছিলেন। বলেছেন, আইদার ইউ টেক ব্যাক অর ইউ উইল ফেইস।”
খালেদা জিয়ার শাসনামলেও এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে ১৯৯২ সালে একই ঘটনা ঘটেছিল। প্রায় দুই লক্ষ ৪৪ হাজার এসছিল সেই সময়ে রোহিঙ্গা। তিনি (বেগম খালেদা জিয়া) সরাসরি বললেন যে, তুমি কি ফেরত নেবে নাকি আমি অন্য ব্যবস্থা নেব? তারা (মিয়ারমার) ফিরিয়ে নিয়ে গিয়েছিল।”
“বার বার করে তাদের বলছে, ভাই নিয়ে যাও, নিয়ে যাও। এগ্রিমেন্ট সই করেছে, সেই এগ্রিমেন্ট সই করার মতো নয়। ওর মধ্যে কোনো কিছুই নাই, মিয়ানমার যা বলেছে তাই করতে হবে এবং তাই করছেও তারা। সরকার ওদের ট্র্যাপে পড়ে গেছে।”
মির্জা ফখরুল বলেন, “আজকে এমন কূটনৈতিক অবস্থা যে, একটা দেশও বাংলাদেশের পক্ষে নেই এখন। আপনার চীন, ভারত, জাপান, রাশিয়া- সব মিয়ানমারের পক্ষে। তাহলে বাংলাদেশের পক্ষে কে? এতদিন ধরে দুই বছর ধরে কী করলেন? অথচ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুউচ্চ ভারতের সঙ্গে, চীনের সঙ্গে। তাহলে বন্ধুরা কী করল?
“আর পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তো জানেনই না এত বিরাট সমাবেশ কী করে হল? আর আরেকজন বলেছেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক ভারতের সঙ্গে। কী বলব বলেন? আমাদের ওই কবি নজরুল ইসলামের কবিতার মতো বলতে হয়, আমরা ওই ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে’- সেই অবস্থা দাঁড়িয়েছে।”
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী সামাজাকি সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাকির হোসেন রোকনের পরিচালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হাই শিকদার, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, মো. নাসিম আহমেদ, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, কেন্দ্রীয় নেতা এহসানুল হক চৌধুরী, সানাউল হক, শাহরিয়ার ইসলাম শায়লা, জাহাঙ্গীর আলম রিপন, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
