‘অমানিশা’ কাটাতে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে ফখরুলের আহ্বান
বাংলাদেশে এখন ‘ঘোর অমানিশা’ চলছে দাবি করে তা কাটানোর সংগ্রামে হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জন্মাষ্টমী উপলক্ষে সোমবার রাতে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
ফখরুল বলেন, “আমাদের ঘোরতর অমানিশা চলছে। মানুষের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।
“এই সরকারের আমলে একদিকে গণতন্ত্রকামী মানুষ নির্যাতিত-নিপীড়িত হয়েছে,অন্যদিকে ভিন্ন মতাবলম্বীরা নির্যাতিত হয়েছে। আরেকদিকে বিভিন্ন ধর্মের লোকজন, তারাও নির্যাতিত হয়েছেন।”
হিন্দু সম্প্রদায়ের উপর আওয়ামী লীগ সরকার আমলে বেশি নির্যাতন হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “আমরা জানি, কীভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে, কীভাবে তাদের নির্যাতন করা হয়েছে। আজকেই কিছুক্ষণ আগে সুশীল বাবু বললেন যে, ফেনীতে যাওয়ার পথে বৌদ্ধ পুরোহিত অমৃতা নন্দ ভিক্ষুকে হত্যা করে গোমতি নদীতে ফেলে দেওয়া হয়েছে।”
সবার কল্যাণের জন্য খালেদা জিয়া কারাগারে থেকে বের করার আন্দোলনে সবাইকে নামার আহ্বান জানান ফখরুল।
বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারের নিপীড়ন-নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “এই অনুষ্ঠানের শুরুটা করেছিলেন আমাদের দলের চেয়ারপারসন, মিথ্যা মামলায় অন্যায়ভাবে এই সরকারের নির্যাতনের ফলে তিনি দীর্ঘ ১৬ মাস কারা অন্তরীণ।
“আমাদের এদেশে ২৬ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের এই রাষ্ট্রের এক লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমাদের ৫০০ এরও বেশি মানুষকে গুম করে ফেলা হয়েছে।
“সেখানে হিন্দু নেই, মুসলমান নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই। একমাত্র তাদের অপরাধ তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়।”
বিএনপির কেন্দ্রীয় নেতা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপুর পরিচালনায় শুভেচ্ছা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুণ্ডু, অপর্ণা রায়, জন গোমেজ, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, নিপুণ রায় চৌধুরী, মিল্টন বৌদ্ধ, তরুণ দে, সুশীল বড়ুয়া, রামকৃষ্ণ মিশনের স্বামী হরিপ্রমা নন্দ মহারাজ, ইসকনের দ্বিজমনি গৌরান্দ দাশ ব্রহ্মচারী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম, পিরোজপুর, গাজীপুর, নেত্রকোনা বরিশাল, নাটোরসহ বিভিন্ন জেলা থেকে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।
