২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাম বাড়ানোয় মঙ্গলবার বিএনপির প্রতিবাদ কর্মসূচি

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 07:06 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির ‍উদ্যোগে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী জেলা সদর ও মহানগরগুলোতে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

“একই দাবিতে রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণের থানায় থানায় এই কর্মসূচি পালিত হবে। এই প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, এলাকায় যার যার সুবিধা অনুয়ায়ী প্রতিবাদ সমাবেশ অথবা মিছিল করবেন।”

রোববার সরকার গ্যাসের মূল্য গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়িয়েছে, যা কার্য্কর হয়েছে জুলাইয়ের প্রথম দিন থেকেই।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ৭ জুলাই সারাদেশে আধাবলো হরতালের ডাক দিয়েছে বাম দলগুলো।

রিজভী বলেন, “মানুষের জীবন-জীবিকা, মানুষের জীবন নির্বাহ এগুলোর মধ্যেও সরকার তার রাষ্ট্রীয় পলিসির মাধ্যমে মানুষের ওপর আঘাত অব্যাহত রেখেছে। মিডনাইট সরকার আবারও গ্যাসের মূল্য বাড়িয়েছে। আওয়ামী লীগ ১০ বছরে গ্যাসের দাম ছয় বার বাড়িয়েছে।

“মূলত ক্ষমতাসীনদের আত্মীয় স্বজনদের লুটপাটের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে সরকার। এ মূল্যবৃদ্ধির প্রভাব সর্বত্র পড়বে, কৃষিতে পড়বে, শিল্পে পড়বে, বিদ্যুতে পড়বে, পরিবহনে পড়বে। তাতে সবচাইতে বেশি কষ্ট পাবে সীমিত আয়ের লোকজন। আমরা সরকারের এই বেআইনি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “পৃথিবী অন্যান্য দেশে গ্যাসের দাম কমানো হচ্ছে। আজকেও ভারতে গ্যাসের দাম কমানো হয়েছে। যেখানে ভারতে আজকে গ্যাসের দাম কমালো, সেখানে এই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। এরা জনগণের শত্রু বলেই শত্রুতা শুরু করেছে নানাভাবে।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা মুনির হোসেন, ফিরোজ -উজ-জামান, কাজী রফিক, আহসান উদ্দিন খান শিপন, শেখ আবদুল হালিম খোকন, গোলাম মাওলা শাহিন উপস্থিত ছিলেন।