২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের শারীরিক অবস্থার ‘অবনতি’

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তার ভাই জিএম কাদের জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2019, 06:41 PM

Updated : 08 Apr 2022, 04:22 PM

রোববার সকালে এরশাদের অবস্থার অবনতির দিকে যায় বলে কাদের সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে জানান।

রাত নাগাদ পরিস্থিতির আর অবনতি না ঘটলেও এখনও সঙ্কটাপন্ন বিরোধীদলীয় নেতা এরশাদ।

“তার অবস্থা অপরিবর্তিত আছে। তিনি এখনও অক্সিজেন সাপোর্টে রয়েছেন,” রাত সাড়ে ১২টার দিকে ফেইসবুকে জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাদের।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মনিরুল ইসলাম মিলন রাত সাড়ে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যারকে এখনও অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।

“দুপুরের পরে রওশন ম্যাডাম আসেন। ডাক্তাররা তার কাছ থেকে লাইফ সাপোর্টে নেওয়ার অনুমতি নিয়েছেন। তবে লাইফ সাপোর্টে নেওয়ার মতো পরিস্থিতি এখনও আসেনি।

“আমি রাত সাড়ে সাড়ে ১১টার দিকে বের হয়ে আসি। এর আগে একজন চিকিৎসক জানিয়েছেন, তারা সাধ্যমতো চেষ্টা করছেন। তারা আশা করছেন, আগামীকাল সকালের মধ্যে আমাদের ভালো রেজাল্ট দিতে পারবেন।”

জাতীয় পার্টির এক সময়ের মহাসচিব ও বর্তমানে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু রাতে সিএমএইচে গিয়ে এরশাদকে দেখে আসেন।

৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণ ছাড়াও লিভার জটিলতায় ভুগছেন। গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে।

গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে এরশাদকে দেখে এসে তার স্ত্রী ও জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, উন্নতি হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যানের, এই ধারা অব্যাহত থাকলে দ্রুতই তিনি সেরে উঠবেন।

এরপর রোববার সন্ধ্যায় বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কাদের বলেন, শনিবার পর্যন্ত এরশাদের অবস্থার উন্নতি হচ্ছিল। রোববার সকালে তার অবস্থা খারাপ হয়।

“ফুসফুসে পানি চলে এসেছে, দেখা দিয়েছে ইনফেকশন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়।”

তিনি সাংবাদিকদের বলেন, এরশাদের ওষুধ পাল্টে ইনফেকশন বন্ধের চেষ্টা চলছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

“সকালের পর অবস্থার আর অবনতি হয়নি। এমন চলতে থাকলে এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হবে বলে চিকিৎসকরা ধারণা করছেন।”

উন্নত চিকিৎসার জন্য এরশাদকে দেশের বাইরে নিয়ে যেতে পরিবার প্রস্তুত রয়েছে জানিয়েই কাদের বলেন, “এই মুহূর্তে সিএমএইচের চিকিৎসায় আমাদের আস্থা আছে।”

সাবেক সামরিক শাসক এরশাদ বেশ কয়েক মাস ধরেই অসুস্থ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার রক্তে হিমোগ্লোবিন ঘাটতির কথা জানান চিকিৎসকরা। পরে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়ে আসেন এরশাদ। তাতেও পুরোপুরি সেরে উঠেননি তিনি।

অসুস্থতার জন্য এরশাদ তার দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও যোগ দিতে পারছেন না। রংপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে হুইল চেয়ারে করে জাতীয় সংসদে শপথ নিতে গিয়েছিলেন তিনি।

গত ঈদুল ফিতরের আগে গুলশানের ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে এক ইফতার মাহফিলে আসেন এরশাদ। এরই মধ্যে ট্রাস্ট গঠন করে তাতে তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি দান করেছেন।