২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা নোমানের দুর্নীতি মামলার রায় ফের পিছিয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার রায় আবার পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2019, 06:30 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

কয়েকজন সাক্ষীকে জেরা করার জন্য আসামিপক্ষের সময়ের আবেদনে সাড়া দিয়ে রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেন আগামী ১৫ জুলাই রায় ঘোষণার দিন ঠিক করে দিয়েছেন।

 এ নিয়ে তৃতীয় বারের মতো পিছিয়ে গেল রায়।   

নোমানের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, “আজ মামলাটির রায় ঘোষণার জন্য ধার্য ছিল। কিন্তু মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর জেরা বাকি রয়েছে। তাদের জেরা করার জন্য আমরা উচ্চ আদালতে আবেদন করেছি, যা শুনানির অপেক্ষায় রয়েছে। এজন্য আমরা রায় পেছানোর আবেদন করি।

“আদালত সময়ের আবেদন মঞ্জুর করে রায় ঘোষণার জন্য ১৫ জুলাই ধার্য করেন। একই সঙ্গে ওইদিন উচ্চ আদালতের আদেশ দাখিলের নির্দেশ দিয়েছেন।”

রোববার আবদুল্লাহ আল নোমান আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ এপ্রিল মামলাটি রায় ঘোষণার জন্য ধার্য ছিল। ওইদিন রায় প্রস্তুত না হওয়ার কারণে সময় পিছিয়ে ১২ জুন দিন রাখা হয়।

কিন্তু আবদুল্লাহ আল নোমান অসুস্থ হওয়ার কারণে গত ১২ জুন আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য তার আইনজীবীরা রায় পেছানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে ফের ৩০ জুন রায়ের দিন রাখেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ১৯৯৭ সালের ৭ অগাস্ট সম্পদের হিসাব বিবরণী চেয়ে আবদুল্লাহ আল নোমানকে নোটিস দেয় বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো।

নোটিস পাওয়ার পর আইনুযায়ী ৪৫ দিনের মধ্যে সম্পদের হিসাব দাখিল করার কথা থাকলেও তিনি তা করেননি। এমনকি তিনি সময় বাড়ানোর জন্যও আবেদন করেননি।

পরে ১৯৯৮ সালের ১৯ অগাস্ট নোমানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ। 

এই মামলায় ২০০৯ সালে নোমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে তা বাতিল চেয়ে তিনি হাই কোর্টে আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১০ ফেব্রুয়ারি হাই কোর্টের একটি বেঞ্চ রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। পরে চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৩ সালের ২৪ জানুয়ারি হাই কোর্ট রুল খারিজ করে রায় দেয়।  

এর বিরুদ্ধে নোমান আবেদন করলে হাই কোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

এর ধারাবাহিকতায় লিভ টু আপিল করেন নোমান। সেটিও ২০১৬ সালের ২৫ জানুয়ারি খারিজ করে দেয় আপিল বিভাগ। 

এই মামলায় সাক্ষ্য দিয়েছেন সাতজন।

পুরনো খবর:

নোমান ‘অসুস্থ’, পিছিয়েছে দুর্নীতির মামলার রায়