সংসদকে ‘অবৈধ’ বলায় স্পিকারের ‘রুলিং’ চান জাপার আনিসুল
বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদকে ‘অবৈধ’ বলায় এর বিরুদ্ধে স্পিকারের রুলিং চেয়েছেন জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ।
বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান তিনি।
বিএনপির হারুনুর রশীদ ও রুমিন ফারহানা একাদশ সংসদকে ‘অনির্বাচিত’ ও ‘অবৈধ’ বলে বক্তব্য রাখেন।
আনিসুল বলেন, “এই পার্লামেন্টে দাঁড়িয়ে কেউ বলতে পারে না- এই পার্লামেন্ট অবৈধ। যে কোনো সংসদ সদস্য এই সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ বলতে পারে না।
“মাননীয় স্পিকার, আমি এ বিষয়ে আপনার কাছে রুলিং চাই। তারা কেন এই সংসদকে অবৈধ বললেন তার রুলিং দিতে হবে। এ বিষয়ে রুলিং দেওয়া উচিত বলে মনে করি।”
সাবেক এই মন্ত্রী বলেন, “দুজন সংসদ সদস্য এই সংসদে দাঁড়িয়ে এই পার্লামেন্টকে অবৈধ বলেছেন। বলেছেন আমরা কেউ নির্বাচিত হইনি। উনারা যদি এই পার্লামেন্টকে অবৈধ মনে করেন তাহলে আসলেন কেন?”
প্রস্তাবিত বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে প্রশ্ন তুলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল।
তিনি বলেন, “প্রস্তাবিত বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এটি জাতীয় আয়ের ১৩ দশমিক ১ শতাংশ। প্রশ্ন হচ্ছে এটা আমরা অর্জন করতে পারব কি না? আমাদের সেই সক্ষমতা আছে কি না?”
কর আদায়ে ‘মূল্যবোধের’ জায়গাটা আগে ঠিক করতে হবে বলে মন্তব্য করেন আনিসুল।
“আমাদের প্রবণতা হচ্ছে যারা কর দিচ্ছে, তাদের থেকে আরো বেশি কর আদায় করা। কতগুলি সেক্টর রয়েছে যার ওপর বার বার কর বাড়ানো হয়। অথচ এটিকে বিস্তৃত করা হয় না। বাজেটে বলা হয় ট্যাক্স নেট বাড়ানোর কথা, কিন্তু বাস্তবে সেটা দেখা যায় না।”
ভ্যাট আইন বাস্তবায়ন করতে হলে লোকবল বাড়াতে হবে মনে করছেন তিনি।
“লোকবল তো বাড়াতে হবে। ট্যাক্স আদায় বাড়ানোর কথা বলা হচ্ছে এই ট্যাক্স কারা সংগ্রহ করবে? বর্তমান বাস্তবতা যদি না সংস্কার করে, লোকবল না বাড়ানো হয় তাহলে এটা বাস্তবায়িত হবে না।”
