২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ-পদবী, নেতৃত্ব নিয়ে ক্ষোভ জাপার সভায়

জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতাদের পদ-পদবী, নিস্ক্রিয়তা, দলের সাংগঠনিক কার্যক্রমে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের এক সভায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2019, 12:05 AM

Updated : 18 Aug 2022, 05:26 PM

শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদ সদস্য ও সভাপতিমণ্ডলীর যৌথ সভায় এসব ক্ষোভ উঠে আসে।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে সভায় যোগ দেন দলটির আরও ৩১ জন নেতা। তবে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান  ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা সভায় ছিলেন না।

বৈঠকে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ছিলেন জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ, সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, আদেলুর রহমান আদেল, শামীম হায়দার পাটোয়ারী, রুস্তম আলী ফরাজী, শরীফুল ইসলাম জিন্নাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা ইসলাম, নাজমা আক্তার ও রওশন আরা মান্নান।

সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে শেখ সিরাজুল ইসলাম, সৈয়দ আব্দুল মান্নান, লোটন শিকদার, শফিকুল ইসলাম সেন্টু, হাফিজ উদ্দিন, ইমরান হোসেন মিয়া, সোলায়মান আলম শেঠ, জাফর ইকবাল সিদ্দিকী, কাজী মামুনুর রশীদ, ফখরুজ্জামান জাহাঙ্গীর, মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুস সাত্তার মিয়া, রেজাউল ইসলাম ভুঁইয়া, ফয়সাল আল মুনির, এম এ কাশেম, আজম খান, মাহমুদুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, সৈয়দ দিদার বখত ও মীর আবদুস সবুর আসুদ বৈঠকে যোগ দেন।

জি এম কাদের জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে এটাই দলের নেতাদের প্রথম কোনো বড় ধরনের সভা হল।

বৈঠক শেষে ফিরোজ রশিদ বলেন, “বিগত জাতীয় নির্বাচনে আমাদের ৪২টি আসন আওয়ামী লীগের সাথে জোটগতভাবে চূড়ান্ত ছিল। নির্বাচনের আগ মুহূর্তে রুহুল আমিন হাওলাদার পদ হারানোর পর আসন সংখ্যা কেন নেমে ২২টিতে আসল- এটা ছিল আমাদের জানার বিষয়। ”

আরেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, “দলের ভিতর সুবিধাভোগীরা সব সময়ই ফায়দা লুটে থাকেন। তাদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সভায় ওই কথাই বলে এসেছি।”

সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা এত বড় জাতীয় নির্বাচন করলাম, অনেকের প্রতি অনেক অবিচার করা হল। অথচ পার্টি থেকে কেউ খোঁজ নেননি।”

সম্প্রতি দলের সভাপতিমণ্ডলী থেকে বাদ দেওয়া হয় মাসুদা এম রশীদ চৌধুরীকে। সংরক্ষিত আসনের এই সংসদ সদ্যসকে দলের সব ধরনের কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

সভায় এ নিয়ে নেতারা অসন্তোষ  প্রকাশ করেছেন বলে জানান সভাপতিমণ্ডলীর সদস্য কাজী মামুনুর রশিদ।

তিনি বলেন, “টাকার জন্য একজন এমপির দলীয় পদ স্থগিত লজ্জার ব্যাপার। বিষয়টি আলাচনার মাধ্যমে সমাধান করা যেত। ”

শেখ মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, “পার্টিকে শক্তিশালী করতে হলে তৃণমূলকে গুরুত্ব দিতে হবে। তৃণমূল শক্তিশালী না হলে পার্টি শক্তিশালী হবে না।” 

রওশন এরশাদ ছাড়াও আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নাসরিন জাহান রত্না, ফখরুল ইমাম, সুনীল শুভ রায় ও সেলিম ওসমানের মতো জ্যেষ্ঠ নেতারা ছিলেন না বৈঠকে।

এ বিষয়ে জি এম কাদেরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এদের অনেকেই দলের অন্য নেতাদের ফোন করে আজকের সভায় আসতে নিষেধ করেছিল।

“দলের গুরুত্বপূর্ণ পদে থেকে যারা ষড়যন্ত্র করতে চায় ও শৃঙ্খলা ভাঙতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সভাপতিমণ্ডলীর সভায় সিদ্ধান্ত এসেছে।”

তিনি বলেন, “দীর্ঘ দিন ধরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের কর্মকাণ্ড নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। যারা দলে নিস্ক্রিয় আছেন, দলের কর্মকাণ্ডে আসছেন না, ষড়যন্ত্র করছেন নানাভাবে তাদের দল থেকে স্ক্রিন আউট করে দেওয়ার কথা আমরা চিন্তা করছি।”

যারা দলে কোন্দল তৈরি করতে চায়, তাদের সদস্যপদ রাখা হবে কি না তা নিয়ে বৈঠকে বাকবিতণ্ডা হয়েছে বলে জানান কাদের।

সম্প্রতি দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের পদোন্নতি দিয়ে দলের সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে জি এম কাদের বলেন, “তৃণমূলকে সাজাতে তারা সারা দেশব্যাপী দাপিয়ে বেড়াতে পারবেন, এমন চিন্তা করেই প্রেসিডিয়ামের আকার বাড়ানো হয়েছে। আমরা আটটি বিভাগীয় কমিটি গঠন করব। তারা শুনবেন স্থানীয় নেতাকর্মীদের হতাশা, কোথায় কী সমস্যা। তাদের সমস্যার সমাধান করবে বিভাগীয় কমিটি। “

তিনি বলেন, “নেতাকর্মীরাই হবে সব সিদ্ধান্তের মালিক। ব্যক্তিকেন্দ্রিক, গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি, ক্ষমতা কেন্দ্রীভূত রাজনীতি থেকে উত্তরণ করতে হবে। সংগঠনে মতামতের প্রতিফলন থাকতে হবে। দল পরিচালিত হবে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে। কোনো ব্যক্তি বিশেষের নয় ।”

দলের প্রেসিডিয়ামের অনেক সদস্য দলের চাঁদা নিয়মিত দেন না বলে অভিযোগ করেছিলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এর প্রেক্ষিতে জি এম কাদের বলেন, “দলের টাকা কোনো সমস্যা না। অর্থের জন্য দল ঠেকে যাবে, এমন কখনও হবে না।”

সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরীর প্রসঙ্গে তিনি বলেন, “সেটা কন্ট্রাডিক্টরি কথা। উই ফাইন্ড দ্য ফ্যাক্টস। ফারদার আলোচনা হয়েছে। তবে যেটা আমি জানি, সেটা বলতে পারব না।”

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত  প্রতিদিন সকাল ১০টায় ঢাকার মতিঝিলে জাতীয় পার্টির বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

২৪ জুন ঢাকা ও ময়মনসিংহ, ২৫ জুন রংপুর ও রাজশাহী বিভাগ, ২৬ জুন চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ২৭ জুন খুলনা ও বরিশাল বিভাগের বর্ধিত সভা হবে।