বিভ্রান্তি দূর করতে বর্ধিত সভা ডাকার প্রস্তাব মওদুদের
নির্বাচনের ফল প্রত্যাখ্যানের পর আবার সংসদে যোগদান নিয়ে নেতা-কর্মীদের মধ্যে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে একটি বর্ধিত সভা ডাকার প্রস্তাব করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
বুধবার দলের এক আলোচনা সভায় এই প্রস্তাব তোলেন মওদুদ। এই সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খানসহ অন্য নেতারাও ছিলেন।
মওদুদ বলেন, “সংসদে যোগদান করার কারণে দলের সকল স্তরের নেতা-কর্মীদের মধ্যে বিরাট ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিএনপির বর্তমান অবস্থান সম্পর্কে শত শত প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে।
“এই ক্ষোভ-অভিব্যক্তি দূর করার জন্য আমার ব্যক্তিগত মত হচ্ছে, সকল অঙ্গ সংগঠনের, যু্বদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ আরও যারা আছে, তাদের প্রতিনিধিসহ জাতীয় নির্বাহী কমিটির একটি বর্ধিত সভা ডেকে খোলামেলা আলোচনার মাধ্যমে আমাদের ভুল বোঝাবুঝি দূর করা দরকার।”
জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রমনার ই্ঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভায় মওদুদ এই প্রস্তাব তোলার পর মহাসচিব ফখরুল বক্তব্য দিলেও এই বিষয়ে কিছুই বলেননি।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর ভোট ডাকাতির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে বিএনপি। সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্তও জানায় তারা।
কিন্তু গত মাসে সিদ্ধান্ত বদলে সংসদে যোগ দিয়েছে বিএনপি থেকে নির্বাচিত ছয়জনের পাঁচজন। কিন্তু মহাসচিব ফখরুল শপথ নেননি।
বিএনপির এই অবস্থান বদল নিয়ে তাদের ২০ দলীয় জোটসঙ্গীরা প্রকাশ্যেই প্রশ্ন তুলেছে।
দলে ক্ষোভের প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, “নির্বাচনের পরবর্তীতে দলীয়ভাবে আমরা ফলাফলকে প্রত্যাখ্যান করে সংসদকে একটি অনির্বাচিত অবৈধ সংসদ হিসেবে অভিহিত করেছিলাম। সেজন্য আমরা এই সরকারের অধীনে ঢাকা সিটি করপোরেশন উত্তরের নির্বাচন ও উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি নাই। যারা অংশগ্রহণ করেছিলেন, প্রায় দুইশ হবে, তাদেরকে আমরা বহিষ্কার করেছি।
“কিন্তু হঠাৎ করে সংসদে যোগদান করার কারণে দলের সকল স্তরের নেতা-কর্মীদের মধ্যে বিরাট ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।”
‘বিএনপি উঠে দাঁড়াবেই’
সভায় সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব ফখরুল বর্তমান পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “অনেকে হতাশার কথা বলেন, আমি কখনোই হতাশার কথা বলি না, বলতে চাই না, বিশ্বাস করি না। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালো্বাসে, জিয়াউর রহমানকে ভালোবাসে, দেশনেত্রীকে ভালোবাসে। অবশ্যই তারা উঠে দাঁড়াবে, বিএনপি উঠে দাঁড়াবে এবং বিএনপি অবশ্যই দেশনেত্রীকে মুক্ত করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।”
আওয়ামী লীগের সমালোচনা করে ফখরুল বলেন, “ক্রাইম-করাপশনে ভরে গেছে সারা বাংলাদেশ। চতুর্দিকে আজকে একটা দুঃশাসন চলছে। এই দুঃশাসন সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হচ্ছে।”
এই পরিস্থিতিতে বিএনপিকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
“আওয়ামী লীগ বার বার জনগণের প্রতিপক্ষ হিসেবে কাজ করেছে। আজকে দেশে গণতন্ত্র নাই, কথা বলার স্বাধীনতা নেই, অর্থনীতি দেউলিয়া, কৃষকদের অধিকার ভুলন্ঠিত। এরকম অবস্থায় আমাদের জিয়াউর রহমানের আদর্শ-দর্শন ভালোভাবে আত্মস্থ করতে হবে। সেই দর্শনকে সামনে নিয়েই আমাদের সামনের দিকে এগোতে হবে।”
দলীয় নেত্রীকে নিয়ে মওদুদ বলেন, “এখন বিএনপির জন্য একটা বিরাট সংকটকাল। আমাদের নেত্রী অসুস্থ ও কারাবন্দি। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, আমরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় ৮ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন।
“দেশে চলছে একটা একদলীয় নিষ্ঠুর স্বৈরাচারী শাসন। তাই এখন আমাদের বেশি প্রয়োজন সর্বক্ষেত্রে ঐক্য বজায় রাখা, দলটাকে শক্তিশালী রাখতে হবে।”
মওদুদ বলেন, “জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন থেকে একটু দূরে সরে যাচ্ছি বলে মনে হয়। তিনি একজন মিত্যব্যয়ী ব্যক্তি ছিলেন, তিনি বিলাসিতা পছন্দ করতেন না এবং তিনি যে রাজনীতি দিয়ে গেয়েছিলেন সেখানে একটা উদার, গণতান্ত্রিক, প্রগতিশীল একটা দর্শন তার সেই বিএনপির ১৯ দফার মধ্যে ছিল। আমাদের উচিত হবে সেই দর্শনের কাছে থাকা এবং তার থেকে দূরে সরে না যাওয়া।”
প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের পরিচালনায় আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বক্তব্য রাখেন।
ঢাকা মহানগর উত্তরের বজলুল বাসিত আনজু, যুবদলের মোরতাজুল করীম বাদরু, মহিলা দলের হেলেন জেরিন খান, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার ও ছাত্রদলের আকরামুল হাসানও বক্তব্য দেন সভায়।
