জাতীয় ঐক্যফ্রন্টের মঙ্গলবারের কর্মসূচি স্থগিত
নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডসহ নারী নির্যাতন বন্ধের দাবিতে মঙ্গলবার শাহবাগে গণজমায়েতের যে কর্মসূচি দিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট, তা হচ্ছে না।
সোমবার রাতে ফ্রন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
তার আগে বিকালে ফ্রন্টের সমন্বয়ক জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে জোটের অস্থায়ী কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
কী কারণে কর্মসূচি স্থগিত হয়েছে, তা জানা যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনিবার্য কারণবশত আগামীকাল মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি স্থগিত করা হয়েছে।”
গত ২৭ এপ্রিল কামাল হোসেনের সভাপতিত্বে ও বিএনপি নেতাদের উপস্থিতিতে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে গণজমায়েতের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।
