২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের সম্পদের তথ্য গোপনের মামলা চলবে

সাক্ষ্য গ্রহণের পর্যায়ে থাকা বিএনপি নেতা মওদুদ আহমদের জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলার কার্যক্রম স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 06:35 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

মামলাটির কার্যক্রম  স্থগিত চেয়ে আবেদন হাই কোর্ট সরাসরি খারিজ করলে সে আদেশটি স্থগিত করতে সোমবার বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বার আদালতে গিয়েছিলেন মওদুদ।

চেম্বার আদালত তাতে সাড়া না দিয়ে আবেদনটি ৬ মে শুনানির জন্য রেখে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছে।

এ আদেশের ফলে বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম চলমান থাকছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

চেম্বার আদালতে মওদুদ আহমেদের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।

আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, “মামলাটি ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে দীর্ঘ সময় ধরে বিচারাধীন রয়েছে। মামলার ৮২ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য হয়ে গেছে। মঙ্গলবারও একটি সাক্ষ্য গ্রহণের দিন আছে।

“এ আদেশের ফলে বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণে কোনো বাধা থাকছে না। কারণ চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। আগামী ৬ মে শুনানির জন্য থাকবে।”

গত ৮ এপ্রিল মামলাটির কার্যক্রম স্থগিতের আবেদন সরাসরি খারিজ করে দেয় হাই কোর্ট।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিল।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক শরিফুল হক সিদ্দিকী গুলশান থানায় মওদুদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

পরে দুদকের উপ-পরিচালক শরিফুল হক সিদ্দিকী ২০০৮ সালের ১৪ মে আদালতে অভিযোগপত্র দেন।

সেখানে বলা হয়, ২০০৭ সালের ২৩ জুলাই দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে মোট চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন চার দলীয় জোট সরকারের মন্ত্রী মওদুদ।

এছাড়া সাত কোটি ৩৮ হাজার ২৩৭ টাকার সম্পদ তার ঘোষিত আয়ের তথ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

গত বছর ২১ জুন এই মামলায় মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

হাই কোর্টে তার ফিনান্সিয়াল বিষয়ে মামলা আছে। সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত  এ মামলার কার্যক্রম বন্ধ রাখতে গত ৩১ মার্চ আবেদন করেছিলেন তিনি।

এর আগে গত ৪ মার্চ বিচারিক আদালত এ আবেদন নাকচ করলে তিনি হাই কোর্টে আবেদন করেছিলেন।