কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে এক ঘণ্টার এই বৈঠক হয়।
বৈঠকের পর কোনো পক্ষই সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বৈঠকে জাপান, নরওয়ে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মরক্কো, সুইজারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নের মিশনের কর্মকর্তারা ছিলেন।
বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে গয়েশ্বর রায় বলেন, “এটি একটি নিয়মিত বৈঠক। প্রতি মাসেই আমরা কুটনীতিকদের সাথে মতবিনিময় করে থাকি।
“আজকের বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা ও তার মুক্তির প্রক্রিয়ার বিষয়টি আলোচনায় উঠেছে।”
