কাজী আসাদের প্রতি বিএনপির শ্রদ্ধা
ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কাজী আসাদুজ্জামান আসাদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার কফিন আনা হলে নেতারা দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ সংগঠনের নেতারাও প্রয়াত নেতার কফিনের ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভোগার পর বুধবার সকাল ৯টায় হলি ফ্যামেলি হাসপাতালে মারা যান কাজী আসাদুজ্জামান আসাদ। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
শ্রদ্ধা নিবেদনের আগে নয়াপল্টনের কার্যালয়ের সামনে কাজী আসাদের জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে হলি ফ্যামিলি হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
কাজী আসাদের পরিবার থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের কোটালিপাড়ায় নিজের গ্রামে বিকালে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।
১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী আসাদুজ্জামান আসাদকে আহ্বায়ক করে প্রথম কমিটি গঠন করেন। ১৯৮০ সালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর একবার এই সংগঠনেরও দায়িত্বে ছিলেন কাজী আসাদ।
বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন কাজী আসাদ। সর্বশেষ তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন তিনি।
