২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা কি সমরাস্ত্র কেনা বন্ধ করব: বিএনপিকে তথ্যমন্ত্রী

গত এক দশকে দেশের অগ্নি নির্বাপন সক্ষমতা আড়াই গুণ বেড়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 11:38 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ মহানগর দক্ষিণ কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “সরকার সমরাস্ত্র কেনে কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্র কেনে না-বিএনপির এ অমূলক অভিযোগের জবাবে আমি প্রশ্ন রাখতে চাই, আমরা কি সমরাস্ত্র কেনা বন্ধ করে দেব? তারা কি জানে না, সেনা সদস্যদের পাশাপাশি শান্তিরক্ষায় ব্যবহৃত সমরাস্ত্রের জন্যও জাতিসংঘ থেকে দেশ অর্থ উপার্জন করে।”

তথ্যমন্ত্রী বলেন, “২০০৮ সালের ২০৮টি ফায়ার স্টেশনের সংখ্যা বেড়ে এখন ৪০২টি হয়েছে, চার হাজার অগ্নি নির্বাপক জনবল বেড়ে প্রায় ১১ হাজার হয়েছে, কেনা হয়েছে ৪৯ ধরনের নতুন সরঞ্জামাদি। গত ১০ বছরে দেশের অগ্নি নির্বাপন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ।”

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “দুর্ঘটনা নিয়ে রাজনীতি না করে নিজ দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর্ত-পীড়িতদের পাশে দাঁড়ান। নির্মাণ বিধিমালা লংঘনকারীদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হোন। যিনি নির্মাণ বিধিমালা মানবেন না, তিনি নিজেই বিপদে পড়বেন।”

ঢিল উপরে ছুঁড়লে নিজের গায়ে এসে পড়ে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি নেতারা বলেছিলেন, সরকারের অবহেলায় বনানীর টাওয়ারে আগুন লেগেছে। এখন দেখা যাচ্ছে ১৮ তলার অনুমতি নিয়ে এফআর টাওয়ারের অনুমোদনবিহীন ২৩ তলার অতিরিক্ত ৫ তলার মালিক কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম। সে অপরাধে তিনি ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবং তার সহযোগীদের খোঁজা হচ্ছে।”

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অভিনেত্রী সারাহ বেগম কবরীর সভাপতিত্বে কণ্ঠশিল্পী রফিকুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, চিত্রনায়িকা নূতন, কণ্ঠশিল্পী এসডি রুবেল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।