২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্যে গণতন্ত্রের অশনি সঙ্কেত: ফখরুল

‘বাকশাল’ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণতন্ত্রের জন্য ‘অশনি সঙ্কেত’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2019, 10:08 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

প্রধানমন্ত্রীর বক্তব্যের পরদিন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বুধবার আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু প্রবর্তিত বাকশাল নিয়ে অপপ্রচারের জবাবে জিয়াউর রহমানের সমালোচনাও করেছিলেন।

ফখরুল বলেন, “যে ব্যবস্থাটি পুরোপুরিভাবে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং যে বাকশাল প্রবর্তিত হওয়ার কারণে গণতন্ত্রকে পুরোপুরিভাবে হত্যা করা হয়েছিল, যে ব্যবস্থার কারণে দেশের মানুষের সমস্ত অধিকারগুলো কেড়ে নেয়া হয়েছিলো, যে ব্যবস্থার মাধ্যমে একটা একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই ব্যবস্থার এখন প্রশংসা করা হচ্ছে।

“আমরা অশনি সঙ্কেত দেখতে পাচ্ছি। এখনকার যে পরিবেশ-পরিস্থিতি দেখতে পাচ্ছি, বাকশালকে আইনগতভাবে বোধহয় ব্যবস্থা করে ফেলেছে। এটা এদেশের মানুষের কাছে ভয়াবহ বার্তা নিয়ে আসছে।”

ক্ষমতাসীনদের হুঁশিয়ার করে ফখরুল বলেন, “এদেশের মানুষ কখনও একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেবে না, এদেশের মানুষ একজন ব্যক্তির শাসন ব্যবস্থা মেনে নেবে না।”

খালেদা জিয়ার মুক্তি দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের সব দলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন। জোটের অন্য দলগুলোর নেতারাও বক্তব্য রাখেন।

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, “সরকারের দায়িত্বরোধহীনতার কারণে মানুষের প্রতি তাদের কোনো নজর নেই। আওয়ামী লীগ কোম্পানি লুটপাট চলছে ব্রিটিশ ইস্ট ইণ্ডিয়ার কোম্পানির মতো, পাকিস্তানি ২২ পরিবারের মতো আওয়ামী লুটপাট চলছে বাংলাদেশে।”

শেখ হাসিনার সমালোচনা করে রব বলেন, “হাসিনার ইচ্ছাই হলো সরকার, হাসিনার ইচ্ছাই আইন, হাসিনার ইচ্ছাই কোট-কাচারি, হাসিনার ইচ্ছাই খালেদা জিয়া জেল থাকবে।

বাকশাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জনগণ থেকে বিচ্ছিন্ন’ করে ফেলেছিল বলে দাবি করেন তিনি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “অনেকে বলেন, ঐক্যফ্রন্ট টিকবে তো। আমি বলছি, ঐক্যফ্রন্ট এখানে যারা আছেন, তারাই এক থাকবেন। কারণ ঐক্যফ্রন্ট জনগণের দল, মানুষ তাদেরকে চায়।

“ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে এবং ঐ্ক্যফ্রন্ট আন্দোলনের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমরা স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্রের বিজয় পতাকা উড়াতে পারি।”

কৃষক শ্রমিক জনত লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকার পরিচালনায় আলোচনা সভায় গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল সিদ্দিকী খোকা বক্তব্য রাখেন।

পুরনো খবর:

দখলদাররা গণতন্ত্র-উন্নয়ন কিছুই দিতে পারে না: শেখ হাসিনা