২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসির বাড়ির সামনে ছাত্রলীগের অবস্থান, বাকিদের ক্লাস বর্জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে ভিপি পদে পরাজয় মানতে না পেরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2019, 12:30 PM

Updated : 10 Oct 2022, 08:59 PM

পুরনো খবর:

কোটা আন্দোলনের নূর ডাকসুর ভিপি
নূরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি ছাত্রলীগের
ডাকসু ভোট বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক বর্জনকারীদের
রোকেয়া হলের ঘটনায় নূর-লিটনদের বিরুদ্ধে মামলা

কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নূরকে ভিপি পদে জয়ী করতে ‘অনেক বড় জালিয়াতি’ হয়েছে অভিযোগ করে ওই পদে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছেন তারা।

এদিকে বাম জোট, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের দুই জোটসহ ভোট বর্জনকারী প্যানেলগুলোর ডাকে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন কর্মসূচি চলছে।

এর মধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা সকালে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করেছে। ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে টিএসসিতে সমাবেশ করেছে স্বতন্ত্র প্যানেলের প্রার্থী-সমথর্কদের একাংশ। ‘জালিয়াতির নির্বাচন মানি না, মানব না’ স্লোগান দেওয়া হচ্ছে সেখানে।

ডাকসু নির্বাচনের পরদিন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। খুব একটা গাড়ি চলাচলও করছে না।

বেলা ১১টায় কলা ভবনে গিয়ে দেখা যায়, কোনো কক্ষে ক্লাস হচ্ছে না। অনেক ক্লসরুম বন্ধ, শিক্ষকরাও নেই। কিছু ‍শিক্ষার্থী বিভিন্ন জায়গায় জড়ো হয়ে আড্ডা দিচ্ছেন।

ভিসির বাসভবনের পাশাপাশি বিশ্ববিদ্যালিয়ের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে আছেন পুলিশ সদস্যরা। সব মিলিয়ে খানিকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় এলাকায়। 

অনিয়মের নানা অভিযোগ এবং অধিকাংশ প্যানেলের প্রার্থীদের বর্জনের মধ্যে দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন হয় সোমবার।

ডাকসুতে ভিপি ও সমাজসেবা সম্পাদক ছাড়া সবগুলো পদেই জয়ী হন সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের প্রার্থীরা। ভিপি পদে জয়ী হন কোটা সংস্কার আন্দোলনকারীদের মোর্চা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নূরুল হক নূর।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান সোমবার রাত সাড়ে ৩টার দিকে সিনেট ভবনে এই ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। নূরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

জিএস পদে জয়ী ছাত্রলীগের গোলাম রাব্বানী বলেন, একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করেছে।

মঙ্গলবার সকালে ছাত্রলীগের কর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে গিযে সড়কে মানববন্ধন করেন এবং পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। কাছেই রাস্তার ওপর টায়ায় ও তেলের বোতল জ্বালিয়ে আগুন ধরিয়ে রেখেছেন তারা।  

সেখানে তারা স্লোগান দিচ্ছেন- ‘প্রহসনের নির্বাচন মানি না, মানব না’, ‘শিবির সমর্থিত নূরু ৪৩ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি হতে পারে না’

ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক আলিমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে (ভিপি পদে) অনেক বড় জালিয়াতি হয়েছে। আমাদের একটাই দাবি, ভিপি পদে পুনর্নির্বাচন দিতে হবে। আমাদের আর কোনো দাবি নাই “

যতক্ষণ এই দাবি পূরণ না হবে, ততক্ষণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন এই ছাত্রলীগ নেতা।

জগন্নাথ হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগ সমর্থক প্রদীপ চৌধুরী বলেন, “প্রতিটি হলে ভোট গণণার পর হল সংসদের ফলাফল হলেই ঘোষণা করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হল সিনেট ভবনে। এখানে স্পষ্ট জালিয়াতি হয়েছে।”

জিয়া হলে এক হাজারের বেশি ছাত্রলীগ সমর্থক রয়েছে দাবি করে প্রদীপ বলেন, সেখানে ভিপি পদে ছাত্রলীগের প্রার্থী মাত্র ২০০ ভোট পাওয়ায় কর্মী-সমর্থকরা ‘অবাক’ হয়েছেন।

তিনি বলেন, “রাশেদ-নূর গংরা ভিসির বাসভবন ভাংচুর করে কোনোভাবেই ৪৩ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি হতে পারে না।”