সৈয়দ আশরাফের মৃত্যুতে মঈন খানের শোক
আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজনীতির মাঠে তার বিপরীত শিবিরে থাকা বিএনপি নেতা আবদুল মঈন খান।
বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেছেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে জাতি একজন ‘সত্যিকারের গণতন্ত্রীকে’ হারালো।
৬৭ বছর বয়সী আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত কয়েক মাস ধরে। বৃহস্পতিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পাঁচবার। হাসপাতালে থেকেই তিনি একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
আবদুল মঈন খান তার শোকবার্তায় বলেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হবার নয়।
