২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙ্গে দিয়েছে জনগণ: আ.লীগ

একাদশ সংসদ নির্বাচনে নৌকায় আস্থা রাখার মধ্যে দিয়ে জনগণ সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত চিরতরে ভেঙ্গে দিয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2018, 02:23 PM

Updated : 19 Aug 2022, 03:11 PM

ভোটের পরদিন সোমবার দুপুরে ধানমণ্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “আওয়ামী লীগের অভূতপূর্ব, ঐতিহাসিক বিজয়ে সারা দেশ আনন্দে ভাসছে। আমাদের এই বিজয় আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার আকাশচুম্বি জনপ্রিয়তা, বিগত ১০ বছরের উন্নয়ন অর্জন, শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার আগামীর যে পথ তিনি দেখিয়েছেন, তারই ফল।”

সুষ্ঠু ভোটের জন্য জনগণের সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

আব্দুর রহমান বলেন, “দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, এই নির্বাচনে অভূতপূর্ব জয়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। সকল উদ্বেগ উৎকণ্ঠা ম্লান করে দিয়ে এ বিজয় এনে দিয়েছে। টানা তৃতীয়বারের মত শপথ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“দেশের জনগণ আওয়ামী লীগকে এই অভাবনীয় বিজয় এনে দিয়ে সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত চিরতরে ভেঙ্গে দিয়েছে।”

জাতীয় ঐক্যফ্রন্টের পুনঃনির্বাচনের দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, “ঐক্যফ্রন্টের দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। তাদের দাবি গণবিরোধী। গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের এই বক্তব্য প্রকাশের মধ্য দিয়ে।

“বাংলাদেশের জনগণই আবারও তাদের সমুচিত জবাব দেবে। তাদের এই বক্তব্য প্রত্যাহারের জন্য সবিনয় অনুরোধ করছি।”

নির্বাচন উপলক্ষে বাংলাদেশে আসা বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের প্রধানমন্ত্রী বিকাল ৪টায় ব্রিফ করবেন বলে জানান আওয়ামী লীগের এই নেতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।