বিএনপি-জামায়াতের সহিংস রূপ উন্মোচিত হচ্ছে: নানক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের সহিংস রূপ উন্মোচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
বুধবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে বিএনপি-জামায়াত, ঐক্যফ্রন্টের কালো টাকার প্রভাব, সন্ত্রাস, নাশকতা ও সহিংস রূপ ততই উন্মোচিত হচ্ছে।
“তাদের ন্যায় নীতি ও সততার মুখোশ ছিঁড়ে বেরিয়ে আসছে বীভৎস চেহারা। আপনারা দেখেছেন গতকাল রাজধানীর মতিঝিল এলাকা থেকে র্যাবের হাতে আট কোটি টাকা, দশ কোটি টাকার চেক এবং তারেক জিয়ার ছবি সম্বলিত বিএনপিপ্রার্থীর পোস্টার, টাকার সঙ্গে ঢাকার একটি আসনের সব ভোটারের নাম ঠিকানা সম্বলিত তালিকাসহ হাওয়া ভবনের কর্মকর্তা ও এক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন।”
তিনি বলেন, “র্যবের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, এর আগেও দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত- ঐক্যফ্রন্ট প্রার্থীদের পক্ষে প্রায় দেড়শ কোটি টাকা পাঠানো হয়েছে। যেসব অর্থ দুর্নীতিবাজ দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানের মাধ্যমে দুবাই থেকে হুণ্ডির মাধ্যমে বাংলাদেশে এসেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
“যার পেছনে রয়েছে দেশবিরোধী গভীর ষড়যন্ত্র ও নির্বাচনবিরোধী চক্রান্ত এবং পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের অপতৎপরতা। নির্বাচন প্রভাবিত ও প্রশ্নবিদ্ধ এবং সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেই এ টাকা পাঠানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।”
নানক বলেন, “আদর্শিক সংকট থেকে বিএনপি জামায়াত জোটের নৈতিক উত্তরণ না ঘটলে বাংলাদেশের সুস্থ রাজনীতির লেভেল প্লেয়িং ফিল্ড ফিরিয়ে আনা কী এত সহজ?”
নির্বাচন কমিশন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে উল্লেখ করে তিনি বলেন, “কামাল হোসেনরা নির্বাচন কমিশনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানারকম উস্কানি দিলেও নির্বাচন কমিশন অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে এবং কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ড. কামাল হোসেনরা লাল কার্ড পাওয়ার মতো একাধিক ফাউল করলেও নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অত্যন্ত নমনীয় ভূমিকা পালন করছে।”
তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল দলকে গণতান্ত্রিক ও আইনসিদ্ধ আচরণ করতে হবে। গত কয়েকদিনে আপনারা বিএনপির সিনিয়র নেতাদের ফোনালাপ শুনেছেন। সেখানে তারা তাদের কর্মীদের কিভাবে নাশকতা ও সহিংসতা সৃষ্টির নির্দেশনা দিয়েছেন আপনারা দেখেছেন। গতকাল দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি করা হয়েছে। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট অভিযোগ করেছি।”
বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবির বিষয়ে নানক বলেন, “শুরু থেকেই তাদের একটি কৌশল ছিল নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্য। নির্বাচনের তিনদিন আগে নির্বাচন কমিশনারের পদত্যাগ চাওয়া মানে, তাদের অপকৌশলকে সফল করার চেষ্টা। ”
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন, সব মিলিয়ে আওয়ামী লীগ কি মনে করছে জানতে চাইলে নানক বলেন, “আসলে তারা যে কি করতে চাচ্ছে আমরা এবং দেশবাসী বুঝে উঠতে পারছে না। কারণ তারা একদিকে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে, আরেকদিকে তাদের প্রার্থীরা মাঠে নামছে না, তাদের প্রার্থীরা পোস্টার লাগাচ্ছেন না। আরেকদিকে বলছেন তারা নির্বাচনের শেষ পর্যন্ত থাকবেন।
“কাজেই এই নির্বাচনটাকে তারা কিভাবে নিচ্ছেন, তারা জনগণের পালস না বুঝে বিভিন্ন কৌশল নিচ্ছেন। আমরা জনগণকে তাদের এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এসময় উপস্থিত ছিলেন।
