‘নিরাপত্তার স্বার্থে’ সালাউদ্দিনকে বের হতে দিল না পুলিশ
ঢাকার ডেমরা-শ্যামপুর আসনে মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলার সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর নিজের বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়া বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশের বাধায় তিনি মঙ্গলবার ভোটের প্রচার চালাতে পারেননি।
পুলিশ বলছে, সালাউদ্দিন আহমেদের ‘নিরাপত্তার স্বার্থেই’ তারা ওই পদক্ষেপ নিয়েছে।
চার দলীয় জোট সরকারের সময়ের আলোচিত এমপি সালাহউদ্দিন মঙ্গলবার সকালে কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে বের হলে ঢাকা-৪ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির নেতা বাবলার কর্মী-সমর্থকদের মিছিলের সামনে পড়েন।
পরে পুলিশ-বিজিবির উপস্থিতিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মীদের ঘেরাওয়ের মধ্যে কদমতলী এলাকার নিজের বাসায় আটকা পড়েন সালাউদ্দিন আহমেদ।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে কদমতলী থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাকে বলেছি, নেতা-কর্মীদের সাথে মিছিল নিয়ে নয়, সাধারণভাবে নির্বাচনী প্রচার চালান। কিন্তু তিনি আমাদের বলেছেন, মিছিল নিয়েই যাবেন।”
বিএনপিকর্মীরা মিছিল নিয়ে বের হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধতে পারে- এমন আশঙ্কা প্রকাশ করে ওসি জলিল বলেন, “এই সংঘর্ষ এড়াতেই মিছিল নিয়ে বের হতে তাদের নিষেধ করা হয়েছে।”
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, বাসা থেকে বের হয়েছে এমন কাউকে গ্রেপ্তার করা হয়নি। আশপাশের রাস্তা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
“তাদের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে, অভিযোগ না থাকলে ছেড়ে দেওয়া হবে।”
