২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট গোনা শেষে বিজয় নিয়ে ঘরে ফিরব: মির্জা ফখরুল

‘শেষ রক্তবিন্দু’ দিয়ে নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বর ভোট গণনা শেষে ‘জয় নিয়ে’ ঘরে ফিরবেন তারা।

দিনাজপুর প্রতিনিধি

নীলফামারী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 12:13 AM

Updated : 11 Oct 2022, 12:51 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘হামলা-মামলার’ মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন জোটকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছে অভিযোগ করে একথা বলেছেন তিনি।

শনিবার উত্তরের জেলা নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী সভায় ‘যে কোনো মূল্যে’ নেতাকর্মীদের ভোটের লড়াইয়ে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

দুপুরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে অফির্সাস ক্লাব স্টার মাঠে নীলফামারী-৪  আসনে ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন সরকার ভজের নির্বাচনী জনসভায় ফখরুল বলেন, “আওয়ামী লীগ ও নৌকা ইতোমধ্যেই পরাজিত হয়ে গেছে। জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে কারণে তারা এখন আদালতের হুমকি দেখায়, সরকারের আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থাকে দিয়ে হুমকি দেখায়। জনগণের সাথে নির্বাচন যুদ্ধে জয়ী হতে পারবে না বলেই তারা এসব অপকৌশলের আশ্রয় নিয়েছে।”

অপরদিকে দেশে ধানের শীষের ‘জোয়ার চলছে’ দাবি করে তিনি বলেন, “সে কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিভিন্ন রকমের মামলা, হামলা চালিয়ে ধানের শীষের প্রার্থীদের নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিচ্ছেন।

“আমরা এতো ভীত নই যে, আপনাদের মামলা আর হামলার ভয়ে মাঠ ছেড়ে চলে যাব। জীবনের শীষ রক্তবিন্দু পর্যন্ত আমরা মাঠে থাকব এবং ৩০ তারিখের নির্বাচনের ভোটের গণণা শেষে বিজয় নিয়ে বাড়ি ফিরব।”

সরকার বিরোধী নেতাকর্মীদের দমনে পুলিশকে ‘অপব্যবহার’ করছে অভিযোগ করে ফখরুল বলেন, “আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগ এমনভাবে ব্যবহার করছে যেন মনে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের চাকরি করে।”

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি ‘নিরপেক্ষ’ আচরণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। আপনারা কোনো দল বা ব্যক্তির কর্মচারী কিংবা কর্মকর্তা নন। আপনাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নির্বাচনে জনগণ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আপনাদের। আওয়ামী লীগের কথায় যখন তখন গণগ্রেপ্তার করা যাবে না।”

দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, “জনগণের মুখে হাসি নাই। নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা ছিল, সেই তথাকথিত লেভেল প্লেয়িং ফিল্ড নেই। নির্বাচনের জন্য যে সুষ্ঠু সুন্দর মাঠ থাকার কথা সেই মাঠই নেই আজ।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ। ঢাল নাই তলোয়ার নাই, তাই তারা কিছুই করতে পারে না। কিছু বললেই তারা অসহায়ের মতো  চুপচাপ বসে থাকেন।

“আমরা আগেই বলেছি, এই নির্বাচন কমিশন দিয়ে কখনোই দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দলীয় সরকারের অধীনে কখনোই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না।”

এই প্রেক্ষাপটে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে সমাবেশে তিনি বলেন, “আপনারা দেশের মানুষ, আপনারাই এই দেশের মালিক। এই দেশ আপনাদের। সুতরাং আপনারা ভয় পাবেন না, ভয় করবেন না। আপনাদের অধিকার আপনারা আদায় করে নিন। ৩০ ডিসেম্বর আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন আর ভোট শেষে ভোট গণনা শেষে বাড়ি ফিরবেন। এটাই আপনাদের কাজ।

“আপনার অধিকার আপনি রক্ষা করতে না পারলে কেউ আপনার অধিকার রক্ষা করতে পারবে না।”

দেশের সংস্থাকে ‘হাতের মুঠোয়’ নিয়ে আওয়ামী লীগ ‘বড় বড় কথা’ বলছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা মাঠে আছি কি না আপনারা দেখেন, এতো অত্যাচার-নিপীড়নসহ শত শত মামলা দিয়েও আমাদের দমায় রাখতে পারেনি। আজ সৈয়দপুরসহ দেশের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় বিএনপির নির্বাচনী সমাবেশে মানুষের ঢল নামছে।”

নির্বাচনে পরাজয়ের ভয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, “সাহস থাকেতো বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচন করতে দেন। এতো ভয় কেন? তাকে মিথ্যা মামলায় আটকে রেখেছেন, তাকে ছেড়ে দিন তিনি নির্বাচন করুক, দেখেন কী অবস্থা হয় আপনাদের।

“আপনারা ভীতু, সেই জন্য নির্বাচনের ১০ মাস আগে বেগম খালেদা জিয়াকে আপনারা কারাগারে আটক করে রেখেছেন। মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে দেশের বাইরে রেখেছেন, ৯২ হাজার মামলা দিয়ে আমাদের ২৫ লক্ষ নেতাকর্মীকে আসামি করে রেখেছেন।”

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া চ্যারিটাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে গত ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া। অপরদিকে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হওয়ার পর চিকিৎসার জন্য জামিন নিয়ে বিদেশে পাড়ি জমান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। এরপর থেকে স্ত্রী-সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছেন তিনি। এরমধ্যে মুদ্রাপাচার ও দুর্নীতির দুই মামলায় তারও সাজা হয়েছে। 

মির্জা ফখরুল বলেন, দলীয় সরকারের অধীনে ‘সুষ্ঠু নির্বাচন হবে না’ জেনেও তারা এই নির্বাচনে অংশ নিয়েছেন আন্দোলনের অংশ হিসেবে।

তিনি বলেন, “গণতন্ত্রকে উদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য এই নির্বাচনে অংশ নিয়েছি আমরা।

“এই লড়াই করছি গণতন্ত্রের জন্য, এ লড়াই বিএনপি কিংবা ঐক্যফ্রন্টের কামাল হোসেন বা মির্জা আলমগীরের জন্য লড়াই করছি না। আমরা লড়াই করছি, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য।”

আওয়ামী লীগ সরকার গত দশ বছরে ‘মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে’ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “এখন আদালতে গেলে বিচার পাওয়া যায় না। প্রশাসনের কাছে গেলে তারা আওয়ামী লীগ ছাড়া কিছুই দেখেন না। আমাদের ছেলে-মেয়েরা চাকরির জন্য তাদের কাছে গেলে আমাদের ছেলে-মেয়েদের চাকরি দেওয়া হয় না। আমাদের সন্তানদের চাকরি নিতে হলে ১০ থেকে ১৫ লক্ষ টাকা ঘুষ দিতে হয়।”

সৈয়দপুর বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সভায় ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন সরকার ভজে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলামসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এর আগে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঈদগাঁ মাঠে দিনাজপুর-৪ আসনে বিএনপির প্রার্থী আখতারুজ্জামান মিয়ার নির্বাচনী পথসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল।

সেখানে তিনি বলেন, “এই সরকারের নিপীড়ন-নির্যাতন থেকে মুক্তি পেতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। আপনাদের একটি ভোটে খালেদা জিয়া মুক্তি পাবে এবং স্বৈরাচারী এই সরকারের হাত থেকে দেশ মুক্তি পাবে। তাই সকলকে সাথে নিয়ে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ শ্লোগান দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বক্তব্য শেষ করেন।

তার আগে দুপুর ১টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে দিনাজপুর-৫ আসনের বিএনপির প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হকের নির্বাচনী পথসভায় বক্তব্য দেন তিনি।